শীর্ষে ফেরার আশায় রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিংস কাপে তৃতীয় বিভাগের দল পনফেরাডিনার বিপক্ষে ২-০ গোলের জয় রিয়াল মাদ্রিদের নামের সঙ্গে ঠিক যায় না! অথচ আজ মাঠে নামার আগে মঙ্গলবারের ওই কষ্টার্জিত জয়কেই আত্মবিশ্বাসের দাওয়াই মানছে হোসে মরিনহোর দল। টানা জয়ে নিজেদের কক্ষপথেই ছিল রিয়াল। কিন্তু গত শনিবার ৩-১ গোলে এল ক্লাসিকো হারের পর রিয়ালের মসৃণ পথটাকে হঠাৎ করেই পিচ্ছিল দেখাচ্ছে।শীর্ষে ফেরার আশায় রিয়াল আজ লিগ ম্যাচ খেলতে নামবে সেভিয়ার মাঠে। পঞ্চম স্থানের দল সেভিয়া সহজ প্রতিপক্ষ নয়। এল ক্লাসিকো বার্সেলোনা-রিয়াল দুই দলেরই পয়েন্ট সমান বানিয়ে দিয়েছে (৩৭)। পারস্পরিক লড়াইয়ে বার্সেলোনা এগিয়ে বলে তাদের নামটিই ওপরে। কিন্তু রিয়াল এক ম্যাচ কম খেলেছে। হাতে থাকা সেই ম্যাচটিই আজ।জিতলে তো বটেই, ড্র করলেও বার্সেলোনাকে টপকে রিয়াল বড়দিনের ছুটিতে যেতে পারবে শীর্ষে থেকে। রিয়াল নামছে জয়মন্ত্র জপেই। মিডফিল্ডার কাকা যেমন বলছেন, ‘এল ক্লাসিকোতে হারের পর পনফেরাডিনার বিপক্ষে জয়টি ছিল গুরুত্বপূর্ণ। এখন আমরা অনুপ্রাণিত হয়েই সেভিয়ার মাঠে যাব। কারণ আমরা জানি, আমরা স্পষ্ট ব্যবধান গড়েই লিগের শীর্ষে উঠতে পারি।’সেভিয়া শিবিরের অবস্থাও একই। লিগে আগের ম্যাচে লেভান্তের কাছে হারের ক্ষতে একটু প্রলেপ দিয়েছে কিংস কাপে স্যান রকির বিপক্ষে ১-০ গোলে জিতে। যদিও সেভিয়ার মিডফিল্ডার ম্যানু দেল মোরাল সতর্ক কণ্ঠে বলেছেন, ‘তারা বিশ্বের অন্যতম সেরা দল। তাদের হারাতে হলে প্রায় সর্বক্ষেত্রেই আমাদের ভালো করতে হবে।’ পারিবারিক কারণে মঙ্গলবারের ম্যাচ না খেললেও আজ আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল ডি মারিয়াকে পাচ্ছে রিয়াল। রিকার্ডো কারভালহোকে ছাড়া মরিনহো পাচ্ছেন পূর্ণ শক্তির দলই। চোট কাটিয়ে সেভিয়া শিবিরেও ফিরেছেন ফ্রেডি কানুটে।রিয়ালের মতো শীর্ষে ফেরার লড়াইয়ে নামছে এসি মিলানও। ২৮ পয়েন্ট নিয়ে সিরি ‘আ’র ৩ নম্বরে থাকা মিলান আজ সিয়েনার বিপক্ষে জিতলেই জুভেন্টাস, উদিনেসেকে টপকে উঠে যাবে ১ নম্বরে। যদিও আগামীকালই আবার মাঠে নামছে জুভেন্টাস, উদিনেসে। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে শিরোপা দৌড়ে টিকে থাকা চেলসি নামছে অবস্থান আরেকটু সংহত করার আশায়। পূর্ণ ৩ পয়েন্টের আশায় আন্দ্রেস ভিলাস-বোয়াসের দল যাচ্ছে উইগানের মাঠে। ওয়েবসাইট।