শীর্ষে ফেরার সুযোগ সাকিবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ জিম্বাবুয়ে সফরে ছিলেন বাংলাদেশের অধিনায়ক। কিন্তু ওই সফর থেকে ফিরেই অধিনায়কত্ব হারান সাকিব আল হাসান। ২০ মাস পর বাংলাদেশ ক্রিকেট দল আবার জিম্বাবুয়েতে। সেই সাকিব এখন বাংলাদেশ দলের এক সাধারণ সদস্য। এই দুই সফরের মাঝে কত কিছুই না ঘটেছে সাকিবের জীবনে। ২০১১ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে খেলা মিরপুর টেস্টের পরই জ্যাক ক্যালিসকে সরিয়ে উঠেছিলেন টেস্ট অলরাউন্ডার তালিকার এক নম্বরে। ভেঙেছিলেন প্রোটিয়া অলরাউন্ডারের টানা ১০ বছরের আধিপত্য। টানা আট মাস বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডারের মুকুট ছিল তাঁর মাথায়। এরপর দু-দুবার ক্যালিসের সঙ্গে হাতবদল হয়েছে শীর্ষস্থানটি। সর্বশেষ গত মাসে এক নম্বর স্থানটি হারিয়েছেন সাকিব। চোটের কারণে অনেক দিন জাতীয় দলের বাইরে থাকা সাকিব এখন টেস্ট ক্রিকেটে বিশ্বের দুই নম্বর অলরাউন্ডার। টেস্টে ক্যালিসের সঙ্গে তাঁর রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র ৩। এটাই সাকিবকে আবার সুযোগ করে দিচ্ছে এক নম্বরে ওঠার। আগামীকাল শুরু হতে যাওয়া প্রথম টেস্টের পরই কি আবার শীর্ষে ফিরবেন সাকিব?হারারের প্রথম টেস্টে বাংলাদেশ সাকিবকে পাবে শুধু ব্যাটসম্যান হিসেবে, কিন্তু দ্বিতীয় টেস্টেই তিনি ফিরবেন অলরাউন্ডার পরিচয়ে। টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দুই দলের সব ক্রিকেটারের চেয়ে এগিয়ে সাকিব। সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে ২৯ ও বোলিংয়ে ১৫ নম্বরে আছেন সাকিব।শুধু র‌্যাঙ্কিংটাকে বিবেচনায় নেওয়া হলে কাল থেকে সিরিজে পাত্তা পাওয়ার কথা নয় জিম্বাবুয়ের। র‌্যাঙ্কিংয়ে জায়গা পাওয়া দুই দলের ব্যাটসম্যানদের তালিকার প্রথম ছয়জনই বাংলাদেশের। জিম্বাবুয়ের সেরা ব্যাটসম্যান অধিনায়ক ব্রেন্ডন টেলর আছেন ৭০ নম্বরে। র‌্যাঙ্কিংয়ে তাঁর ওপরে আছেন বাংলাদেশের সাকিব (২৯), তামিম (৩১), মুশফিক (৩৭), নাসির (৪৬), শাহরিয়ার (৬৬) ও আশরাফুল (৬৯)। এ ছাড়া সেরা ১০০-তে আছেন মাহমুদউল্লাহ (৭৫), মমিনুল (৭৬) ও জহুরুল (৯৬)। টেলর ছাড়া জিম্বাবুয়ের আছেন মাত্র দুজন—সিবান্দা (৭১) ও টিনো মায়োয়ো (৮৭)। বোলিংয়েও প্রায় একই অবস্থা। ১০০-এর মধ্যে যেখানে সাতজন বাংলাদেশি, সেখানে জিম্বাবুইয়ান মাত্র চারজন। শুধু পেসার কাইল জারভিস (৫৭) আছেন সাকিবের পরে। সোহাগ গাজী (৫৯), শাহাদাত (৬০), মাহমুদউল্লাহ (৬৯), রেমন্ড প্রাইস (৭৪), রুবেল (৮৫), রবিউল (৯২), মাসাকাদজা (৯৩), আশরাফুল (৯৫) ও উতসেয়া (৯৬) আছেন ১০০-এর মধ্যে। তথ্যসূত্র: আইসিসি।