বছরটাই যেন সাকিব আল হাসানের জন্য একের পর এক মাইলফলক ছোঁয়ার। কাল যেমন ৪ উইকেট নিয়ে সাকিব হয়ে গেলেন এ বছর ওয়ানডের সর্বোচ্চ উইকেটশিকারি। ১৬ ম্যাচে ৪০ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ার রায়ান হ্যারিস। ২৫ ম্যাচে সাকিবের উইকেট এখন ৪২। বছরটা শীর্ষ উইকেটশিকারি হিসেবেই সাকিব শেষ করতে চলেছেন এটা নিশ্চিত। হ্যারিসের পর তিন-চার-পাঁচে থাকা স্টুয়ার্ট ব্রড (৩০), গ্রায়েম সোয়ান (২৮) আর ডগ বলিঞ্জার (২৮) এ বছর আর ওয়ানডেই খেলবেন না। ২৮ উইকেট বাংলাদেশেরই আরেক বোলার শফিউল ইসলামের। সাকিবকে টপকে যাওয়ার ক্ষীণতম সম্ভাবনাও তাঁর নেই। বরং সাকিবের সামনে সুযোগ থাকছে এক বছরে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার বাংলাদেশি রেকর্ডটা নিজের করে ফেলার। ২০০৬ সালের শীর্ষ উইকেটশিকারি হওয়ার পথে মাশরাফি বিন মুর্তজা নিয়েছিলেন ৪৯ উইকেট। ‘ফিফটি’ করতে শেষ তিন ম্যাচে আর আটটি উইকেট দরকার তাঁর। ওয়ানডেতে এক বছরে ৫০ উইকেট পূর্ণ করার কৃতিত্ব আছে ১৬ জনের।