শীর্ষে সিটি, খেপা মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্তেভান ইয়োভেতিচের গোল (ডানে)। অভিনন্দন জানাতে রীতিমতো নেচে নিলেন সতীর্থ হেসুস নাভাস। পরশু হোয়াইট হার্ট লেনে ম্যান সিটিও আসলে নাচিয়ে ছেড়েছে টটেনহামকে । রয়টার্স
স্তেভান ইয়োভেতিচের গোল (ডানে)। অভিনন্দন জানাতে রীতিমতো নেচে নিলেন সতীর্থ হেসুস নাভাস। পরশু হোয়াইট হার্ট লেনে ম্যান সিটিও আসলে নাচিয়ে ছেড়েছে টটেনহামকে । রয়টার্স

জিতলে এভাবেই জেতা উচিত। যে জয়ে শুধু সমর্থকেরা আনন্দে লাফাবে না, হেরে যাওয়া প্রতিপক্ষও মুগ্ধ হবে। পরশু হোয়াইট হার্ট লেনে টটেনহামকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে এমনই এক জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। শুরু থেকে শেষ পর্যন্ত এতটাই দাপুটে ছিল ম্যানুয়েল পেলেগ্রিনির দল যে ম্যাচ শেষে প্রতিপক্ষের প্রশংসায় নিজের শব্দভান্ডার উজাড় করে দিলেন টটেনহাম কোচ টিম শেরউডও, ‘এ রকম একটা দলেরই প্রিমিয়ার লিগের শিরোপা জেতা উচিত। কারণ ওরা শুধু জেতে না, আনন্দও দেয়।’ শেষ পর্যন্ত এই মৌসুমের শিরোপাটাও সিটিতেই যাবে বলেই বিশ্বাস টটেনহাম কোচের, ‘আমি মনে করি লিগে ওরা অন্য যেকোনো দলের চেয়ে যোজন যোজন এগিয়ে।’
খেলার মানের দিক থেকে যোজন যোজন এগিয়ে থাকতে পারে, তবে পরশুর এই জয়ে আর্সেনালকে মাত্র এক পয়েন্ট পেছনে ফেলে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে সিটি। ২৩ ম্যাচে পেলেগ্রিনির দলের পয়েন্ট ৫৩। একই রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ওয়েস্ট হামের সঙ্গে গোলশূন্য ড্র করে দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ হারিয়েছে চেলসি। সিটির সমান ম্যাচ থেকে ৫০ পয়েন্ট নিয়ে ওরা আছে তৃতীয় স্থানে। পয়েন্ট হারিয়ে ম্যাচ শেষে পুরো ক্ষোভটাই প্রতিপক্ষ ওয়েস্ট হামের ওপর ঝেড়ে দিয়েছেন চেলসি কোচ হোসে মরিনহো, ‘এ রকম ফুটবল ম্যাচ খেলা কঠিন, যেখানে শুধু একটা দল খেলতে চায়, অন্যরা চায় না।’ মরিনহোর দাবি, স্ট্যামফোর্ড ব্রিজ থেকে এক পয়েন্ট নিয়ে যাওয়ার জন্য ওয়েস্ট হাম অতিমাত্রায় রক্ষণাত্মক খেলেছে। এটিকে নেতিবাচক মনোভাব বলছেন চেলসি কোচ, ‘এটা প্রিমিয়ার লিগের খেলা হতে পারে না। এটা বিশ্বসেরা লিগের খেলা নয়। দশ জন ডিফেন্ডার বক্সের মধ্যে, কেউ বের হচ্ছে না। এটা উনিশ শতকের ফুটবল।’
শিরোপার লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়ায় হতাশ মরিনহো। ওদিকে দারুণ জয়ে শীর্ষে উঠে গিয়ে উচ্ছ্বসিত সিটি। এই মৌসুমে এই নিয়ে অষ্টমবারের মতো প্রতিপক্ষের জালে ৫ বা তার বেশি গোল দিল পেলেগ্রিনির দল। সব ধরনের প্রতিযোগিতায় টানা ২০ ম্যাচ অপরাজিত থাকা সিটি এই মৌসুমে প্রতিপক্ষের জালে এখন পর্যন্ত দিয়েছে ১১৫ গোল! এমন দুর্দান্ত একটা রাতে সিটির জন্য একটাই দুঃসংবাদ, চোটের কারণে ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলতে পারেননি সিটির প্রথম গোলটি করা সার্জিও আগুয়েরো। সে চোট কতটা মারাত্মক তা জানা যাবে আরও পরীক্ষার পর।
সিটির এমন জয়ের রাতে বুন্দেসলিগায় নাটকীয় জয় পেয়েছে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখও। স্টুটগার্টের সঙ্গে ১-১ সমতা থাকা অবস্থায় যোগ হওয়া সময়ে দুর্দান্ত এক গোল করে বায়ার্ন সমর্থকদের মুখে হাসি ফোটান থিয়াগো আলকানতারা। এই জয়ে বুন্দেসলিগায় টানা অপরাজিত থাকার রেকর্ডটা বাড়িয়ে ৪৩ ম্যাচ করল বায়ার্ন। এএফপি, রয়টার্স।