শীর্ষেই আছে জুভেন্টাস-বায়ার্ন
টানা অষ্টম জয়টি আর পাওয়া হলো না ইন্টার মিলানের। কাল সিরি ‘আ’তে রেলিগেশন অঞ্চলে থাকা লেচ্চের কাছে ১-০ গোলে হেরে পয়েন্ট টেবিলে চার থেকে পাঁচে নেমে গেছে দলটি। ৪০ মিনিটে লেচ্চের একমাত্র গোলটি করেন গিলের্মো গিয়াকোমাজ্জি। শিয়েভোকে ৩-০ গোলে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে লাৎসিও। ৮৮ ও ৮৯ মিনিটে দুটি গোল করেছেন মিরোস্লাভ ক্লোসা। ২১ মিনিটে প্রথম গোলটি করেছেন হার্নানেস। পরশু আলেসান্দ্রো মাত্রির জোড়া গোলে উদিনেসেকে ২-১-এ হারিয়ে অপরাজিত থাকার রেকর্ডটা ধরে রেখেছে জুভেন্টাস। এই জয় এসি মিলানের চেয়ে চার পয়েন্টে এগিয়ে দিল জুভদের। যদিও ক্যালিয়ারির বিপক্ষে কাল জিতে থাকলে ব্যবধানটা আবার ‘একে’ নামিয়ে এনেছে মিলান। ২০ ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট ৪৪, ১৯ ম্যাচে মিলানের ৪০। জুভেন্টাসের কাছে হারলেও ৩৮ পয়েন্ট নিয়ে উদিনেসে আছে তিনেই। সিরি ‘আ’তে শিরোপার লড়াইটা আসলেই হাড্ডাহাড্ডি। তবে এর চেয়েও কঠিন লড়াই চলছে জার্মানির বুন্দেসলিগায়। বায়ার্ন মিউনিখ, বর্তমান চ্যাম্পিয়ন বরুশিয়া ডর্টমুন্ড, শালকে জিরো ফোর—তিন দলেরই পয়েন্ট সমান ৪০ করে! পয়েন্টে সমতা এসেছে আগের রাউন্ডেই। পরশু জিতেছে তিন দলই। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন ২-০ গোলে হারিয়েছে ভলফসবুর্গকে, হোফেনহেইমের বিপক্ষে ডর্টমুন্ডের জয় ৩-১ গোলে। লুকাস পোডলস্কির গোলে প্রথমে পিছিয়ে পড়েও কোলনের বিপক্ষে শালকে জিতেছে ৪-১ গোলে। বায়ার্নের গোল দুটি মারিও গোমেজ ও আরিয়েন রোবেনের। গোমেজ পেলেন এটা ১৭ নম্বর লিগ গোল। ডর্টমুন্ডের জয়ের নায়ক জাপানি উইঙ্গার শানজি কাগাওয়া করেছেন জোড়া গোল। এএফপি।