শীর্ষেই থাকল মুক্তিযোদ্ধা
পিছিয়ে পড়েও কাল চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ৩-২ গোলে জিতল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। ৮ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে গ্রামীণফোন বাংলাদেশ লিগে শীর্ষস্থান ধরে রাখল তারা। সমান ম্যাচে আবাহনীর পয়েন্ট ১৭, শেখ রাসেল ও শেখ জামালের ১৫, মোহামেডান ও রহমতগঞ্জের ১৩ পয়েন্ট করে।কমলাপুর স্টেডিয়ামে কাল খেলার ধারার বিপক্ষে ৩০ মিনিটে গোল হজম করে মুক্তিযোদ্ধা। দারুণ এক বাঁকানো শটে ওই গোল করেন তৌহিদুল। ৪৩ মিনিটে জেমস মগা ফ্রি-কিক থেকে সরাসরি বল জালে জড়ান। বাকি দুই গোলেও আছে সুদানি স্ট্রাইকারের অবদান। ৫৫ মিনিটে তাঁর ক্রসে বুলোকার হেড ঠেকাতে পারেননি চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক। আলমগীর রানা এগিয়ে নেন মুক্তিযোদ্ধাকে। এরপর জেমসের ফ্রি-কিকে আবারও গোলরক্ষক বল ধরতে পারেনি, অধিনায়ক রজনী সুযোগ কাজে লাগান হেড করে। ৮৯ মিনিটে ব্যবধান কমান সফরকারী দলের পিটার।আজকের খেলা: ব্রাদার্স-ফরাশগঞ্জ (৪টা, কমলাপুর স্টেডিয়াম)।