শীর্ষেই রইল আর্সেনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল করলেন অলিভিয়ের জিরু। নিশ্চিত হয়ে গেল, ২০১৩ সালে আর্সেনালই থাকছে শীর্ষে। এএফপি
গোল করলেন অলিভিয়ের জিরু। নিশ্চিত হয়ে গেল, ২০১৩ সালে আর্সেনালই থাকছে শীর্ষে। এএফপি

শীর্ষে থেকেই ২০১৩ সালটা শেষ করল আর্সেনাল। কাল নিউক্যাসলকে ১-০ গোলে হারিয়েছে গানাররা, ৬৫ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন অলিভিয়ের জিরু। লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে চেলসি অবশ্য হুমকি দিয়ে রেখেছে গানারদের। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে মরিনহোর দল আছে তিনে। ৪২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্সেনাল। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৪১। পরশু ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়ে এক নম্বরে উঠে গিয়েছিল সিটি।

পয়েন্ট টেবিলে সবার ওপরে থেকেই বড়দিন পালন করেছে লিভারপুল। ছয় দিনের ব্যবধানে দলটি এখন নববর্ষ উদ্যাপন করবে পঞ্চম দল হিসেবে। সিটি ও চেলসির কাছে টানা দুটি অ্যাওয়ে ম্যাচে হেরে লিভারপুল থমকে আছে ৩৬ পয়েন্টেই। কাল সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়ে তাদের টপকে চারে উঠে গেছে প্রতিবেশী এভারটন (৩৭)। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড (৩৪) বছর শেষ করেছে ছয়ে থেকে।

২৩ নভেম্বরের পর কালই প্রথম গোল পেলেন জিরু। আর্সেনাল পেল টানা দ্বিতীয় জয়। থিও ওয়ালকটের ফ্রিকিকে মাথা ছুঁইয়ে এবারের লিগে নিজের অষ্টম গোলটি করেছেন ফরাসি তারকা। আর্সেন ওয়েঙ্গারের দল কাল খেলেছে মেসুত ওজিলকে ছাড়াই। নতুন বছরের প্রথম দিনেও তাঁকে পাওয়া নিয়ে সংশয়ে কোচ ওয়েঙ্গার।

তবে শীর্ষে থেকে বছরটা শেষ করতে পেরেই খুশি আর্সেনাল কোচ, ‘তৃপ্তিটা বেশ বড় মাপের, কারণ আমরা অনেককেই অবাক করেছি। আমরা দুটি অ্যাওয়ে ম্যাচ থেকে ছয় পয়েন্ট পেয়েছি। বোঝা যাচ্ছে, দলটা লড়তে প্রস্তুত।’

স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমেই এগিয়ে গিয়েছিল লিভারপুল। ৩ মিনিটে মার্টিন স্করটেলের গোলটি ১৭ মিনিটে শোধ করে দেন এডেন হ্যাজার্ড। ৩৪ মিনিটে স্যামুয়েল ইতোর গোলটাই শেষ পর্যন্ত গড়ে দেয় পার্থক্য।

পরশু ম্যাচ শেষে প্যালেসের রক্ষণাত্মক মানসিকতার সমালোচনা করেছেন পেলেগ্রিনি। তবে সিটির চিলিয়ান কোচকে ইটের বদলে পাটকেল খেতে হয়েছে। ‘এটাই কি সেই দল, যারা ৩৫ কোটি পাউন্ড খরচ করেছে? তারা কি জো হার্টকে ম্যান অব দ্য ম্যাচ দেয়নি?’—বলেছেন প্যালেস কোচ টনি পুলিস।

আসলেই তো, সিটির সেরা খেলোয়াড় যদি গোলরক্ষক হার্টই হন, তাহলে পুলিস তো খোঁচা দিতেই পারেন!

সে যা-ই হোক, সর্বশেষ আট ম্যাচের সাতটিতেই জিতল সিটি। ড্র মাত্র একটিতে। এমন খেললে সিটিকে আটকাবে কে? এএফপি।