শুকতারার সেঞ্চুরি

শ্রীলঙ্কান দুই ক্রিকেটার এনেছে মোহামেডান। তবে নিলুকা কুরুরত্নে বা রোশানি পেরেরা নন, মোহামেডানকে মহিলা ক্লাব ক্রিকেটের ফাইনালে তুললেন বাংলাদেশেরই দুই মহিলা ক্রিকেটার শুকতারা রহমান ও সাথিরা জাকির।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুকতারার সেঞ্চুরির পর সাথিরার ৫ উইকেট দিপালী যুব সংঘের বিপক্ষে ২১৩ রানের বিশাল জয় এনে দিয়েছে মোহামেডানকে। ৪০ ওভারে ৫ উইকেটে করা মোহামেডানের ২৭৫ রানে ১১ বাউন্ডারি আর চার ছক্কায় করা শুকতারার ৮৯ বলে ১০৭ রান ছাড়াও অবদান আছে অধিনায়ক সালমার ৬৭ বলে ৭৮ রানের। শ্রীলঙ্কার নিলুকা ব্যাট-বল দুটোতেই ব্যর্থ। তবে রোশানির ব্যাট থেকে এসেছে ২২ রান।
মোহামেডানের ২৭৫ রানের জবাবে দিপালী অলআউট হয়ে গেছে মাত্র ৬২ রানে। সাথিরা আর রুমানাই গুঁড়িয়ে দিয়েছেন তাদের। ১৬ রানে ৫ উইকেট সাথিরার। ৮ রানে ৪ উইকেট নিয়েছেন রুমানা। এর আগে বিভাগীয় এবং জেলা ক্রিকেটে সেঞ্চুরি করলেও মহিলা ক্লাব ক্রিকেটে এটাই প্রথম সেঞ্চুরি শুকতারার। আনন্দটাও তাই বেশি, ‘সেঞ্চুরি করার পর সবারই ভালো লাগে, আমারও লাগছে। টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই সেঞ্চুরি করেছি।’
সিটি ক্লাব মাঠে কালই অনুষ্ঠিত অন্য সেমিফাইনালে গুলশান ইয়ুথ ক্লাবকে ৬১ রানে হারিয়ে ফাইনালে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবও। শেখ জামালের ৪০ ওভারে ৯ উইকেটে ১৪৭ রানের জবাবে ২৯.৩ ওভারে গুলশান ইয়ুথ করতে পেরেছে ৮৬ রান। শেখ জামালের লতা মণ্ডল ৩৩, জাহানারা আলম ৩২ ও পান্না ঘোষ ২৫ রান করেছেন। পিঙ্কি ও শায়লা নিয়েছেন ২টি করে উইকেট।
টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল, ভেন্যু ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম।