শুক্রবার মাশরাফির অস্ত্রোপচার-যাত্রা
ভিসা করিয়ে রেখেছিলেন বেশ কদিন আগেই। স্ত্রী-সন্তানের অসুস্থতার কারণে যাওয়ার তারিখটা ঠিক করতে পারছিলেন না মাশরাফি বিন মুর্তজা। স্ত্রী ও নবজাতক সন্তানের অবস্থা কিছুটা ভালো হওয়ায় অবশেষে সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন তিনি। ডান হাঁটুতে অস্ত্রোপচার করাতে আগামী শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন মাশরাফি। অস্ট্রেলিয়া যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে কাল মাশরাফি বলেছেন, ‘আমি বোর্ডকে বলেছি, এখনই অস্ট্রেলিয়া যেতে চাই। বোর্ড আগামী শুক্রবারের টিকিট কেটেছে।’ মাশরাফি জানিয়েছেন, মেলবোর্নে ডা. ডেভিড ইয়াংয়ের সঙ্গে দেখা করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন তাঁর পরিচিত অস্ট্রেলিয়াপ্রবাসী এক বাংলাদেশি। অস্ত্রোপচারের সম্ভাব্য তারিখ ১০ মে। অস্ত্রোপচারের পর দুই থেকে তিন সপ্তাহ তাঁকে অস্ট্রেলিয়াতেই থাকতে হবে। আবার মাঠে ফিরতে লেগে যাবে ৭-৮ মাস। মাশরাফির ডান হাঁটুতে তৃতীয়বারের মতো অস্ত্রোপচার হতে যাচ্ছে।অস্ট্রেলিয়া যাওয়ার আগে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে মাশরাফি নড়াইল গেছেন। আজকালের মধ্যেই ফেরার কথা ঢাকায়। মাশরাফির অস্ত্রোপচারের জন্য প্রায় ৭ হাজার অস্ট্রেলিয়ান ডলার খরচ হবে বিসিবির।