শুটিং কোচের সঙ্গে চার বছরের চুক্তি
বাংলাদেশে প্রায় সব খেলাতেই কোচ আসে আর যায়। তবে এই ধারার বিপরীতেই হাঁটতে যাচ্ছে শুটিং স্পোর্ট ফেডারেশন। ২০২০ টোকিও অলিম্পিক পর্যন্ত ডেনমার্কের রাইফেল কোচ ক্লাভস জর্নকে নিয়োগ দিয়েছে তারা। টোকিও অলিম্পিকে পদক জয়ের লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ। একই সঙ্গে ২০১৮ যুব অলিম্পিক পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে মন্টেনেগ্রোর পিস্তল কোচ মার্কো সোকিচকে।
স্বপ্ন অনেক বড়। তবে কাল শুটিং ফেডারেশনে আয়োজিত অনুষ্ঠানে চুক্তি করে ক্লাভস বাস্তবতা মেনেই কথা বললেন, ‘২০২০ অলিম্পিকে পদকের আশা না করাই ভালো। কারণ বাংলাদেশের মতো দেশের জন্য অলিম্পিকে পদক জয় চার বছর পরও অনেক কঠিন হবে।’ শুধু নিরাশার কথা বলেননি পুরোপুরি, ‘সবকিছু ভালোভাবে এগোলে হয়তো ২০২৪ অলিম্পিকে পদকের আশা করা যেতে পারে।’
লক্ষ্য পূরণে বড় বাজেট নিয়ে নামছে শুটিং ফেডারেশন। ক্লাভসের দৈনিক ভাতা ৩০০ ইউরো, মার্কো সোকিচের ১৫০ ইউরো। এরই মধ্যে ৩৫ জন খেলোয়াড় বাছাই করা হয়েছে। এঁদের নিয়ে চলবে দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণ।
অনেকে প্রসঙ্গক্রমে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ২০২২ বিশ্বকাপে খেলার স্বপ্নের উদাহরণ টেনেছেন। শুটিংয়ে কী হবে, কে জানে। তবে বাস্তবতা বলছে, শুটিং অনেক পেছনে পড়ে গেছে বর্তমান সময়ে।
দক্ষিণ এশিয়ান গেমসেই এখন একটা সোনা জিততে গলদঘর্ম অবস্থা হয় বাংলাদেশের! কমনওয়েলথ গেমসে সোনা আসে না এক যুগের বেশি। সর্বশেষ সোনা এসেছে ২০০২ ম্যানচেস্টারে আসিফ হোসেন খানের হাত ধরে। এশিয়ান গেমসে গিয়ে দাঁড়াতেই পারেন না বাংলাদেশের শুটাররা।
এশিয়ান এয়ারগান শুটিংয়ে আজ পর্যন্ত একটা রুপা এল না। এই এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গত রাতে তেহরানের উদ্দেশে ঢাকা ছেড়েছে ১৬ সদস্যের বাংলাদেশ শুটার দল।