শুটিং লিগে অলিম্পিক সোনাজয়ী

>• প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রিমিয়ার শুটিং লিগ
• উপমহাদেশেই এই শুটিং লিগের ধারণা প্রথম
• এই লিগ সরাসরি সম্প্রচারিত হবে টেলিভিশনে
• সমাপনী অনুষ্ঠানে আসছেন অলিম্পিক সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রা
ফুটবল, ক্রিকেট, হকির আদলে প্রিমিয়ার লিগ আয়োজনের স্বপ্ন অনেক দিন ধরেই দেখে আসছিলেন শুটিং স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ। তাঁর এই উৎসাহে জ্বালানি জুগিয়েছেন শুটিংয়ের ডেনিশ কোচ ক্লাভস ক্রিস্টিয়েনসেন। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে প্রিমিয়ার শুটিং লিগ।
ভাবনাটা শুধু বাংলাদেশেই নয়, উপমহাদেশেই প্রথম। ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে জার্মানিতে শুটিং বুন্দেসলিগা বেশ জনপ্রিয়। সেই আদলেই বাংলাদেশে শুটিং লিগ শুরু করতে যাচ্ছে ফেডারেশন। দিনক্ষণও চূড়ান্ত, আগামী ১-৫ মে গুলশান শুটিং কমপ্লেক্সে হবে প্রথমবারের মতো হবে এই আয়োজন। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ঢাকায় আসবেন অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় শুটার অভিনব বিন্দ্রা।
ছয়টি দল নিয়ে হবে প্রিমিয়ার শুটিং লিগ। করপোরেট প্রতিষ্ঠানগুলোকে দল কেনার জন্য আমন্ত্রণ জানাবে ফেডারেশন। ১০ মিটার এয়ার রাইফেল ও ১০ মিটার এয়ার পিস্তল দুটি ইভেন্টে হবে প্রতিযোগিতা। পুরুষ ও মহিলা শুটার নিয়ে গড়া দলে শুধু মিশ্র ইভেন্ট হবে। প্রতিটি দলে অংশ নেবেন পাঁচজন করে শুটার। একজন বিদেশি নিতে পারবে দলগুলো।
শুটার বাছাইয়ের একটা প্রাথমিক প্রক্রিয়াও নির্ধারণ করেছে ফেডারেশন। সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়ের সেরা ছয়জনকে ধরা হয়েছে ‘এ’ ক্যাটাগরির শুটার। পরের ছয় শুটার ‘বি’ ক্যাটাগরিতে। বাকিরা ‘সি’ ক্যাটাগরির শুটার। কোনো দল সেরা ছয় শুটারকে একসঙ্গে কিনতে পারবে না। প্রতিটি দলে দেওয়া হবে একজন ‘এ’ ক্যাটাগরির শুটারকে। তাঁদের একটা ন্যূনতম ভিত্তিমূল্য ধরা হবে। ওই সেরা ছয়জনকে নিয়ে লিগ শুরুর আগে আরেকটি বাছাইপর্ব হবে। সেখান থেকে সর্বোচ্চ স্কোরের শুটার পাবেন সর্বোচ্চ দাম। অনেকটা ক্রিকেট বিপিএলের আদলে হলেও শুধু ক্রিকেটারদের মতো নিলামের বিষয়টি থাকছে না। টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে শুটিং।
সব মিলিয়ে শুটিংয়ে একটা চমক আনার চেষ্টায় ফেডারেশন সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ অপু, ‘নতুন শুটার তুলে আনতেই এটা করছি। শুটারদের আর্থিক বিষয়টিও প্রাধান্য পাবে এখানে। যেহেতু ‘সি’ ক্যাটাগরির শুটার কম টাকা পাবে, তাই ওদের আগ্রহ থাকবে বাকি-শাকিলদের সঙ্গে খেলে অভিজ্ঞতা বাড়িয়ে ‘এ’ ক্যাটাগরিতে ঢোকার। দেশে শুটারের সংখ্যা বাড়লেই লিগের সার্থকতা।’
ফুটবলার-ক্রিকেটারদের মতো পেশাদারির যুগে ঢুকছেন শুটাররাও। এসএ গেমসে সোনাজয়ী শাকিল আহমেদ ফেডারেশনের এই উদ্যোগে ভীষণ খুশি, ‘শুনেছি শুটিং লিগ হবে। ভালো লাগছে। এতে শুধু অভিজ্ঞতাই বাড়বে না, আর্থিকভাবেও আমরা লাভবান হব।’