শুধু আবাহনীর সাড়া!
সেই একই ছবি। খেলা এলেই নানা টালবাহানা। নতুন কমিটির শুরুতেও ‘ক্লাবতন্ত্রে’র জালে বন্দী দেশের মৃতপ্রায় হকি। আগামীকাল শুরু বিজয় দিবস হকিতে ক্লাব দলের মধ্যে শুধু আবাহনীর নাম লেখানোই তার উদাহরণ।ছয় দলের টুর্নামেন্টে বাকি পাঁচ দল—সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও বিকেএসপি। মূলত সার্ভিসেস দলগুলোকে নিয়ে এ টুর্নামেন্ট হয়। ক্লাব দলগুলো নানা অজুহাতে দূরে সরে থাকে। বেশ কয়েক বছর পর আবাহনীও এবার খেলতে এল দলটির কর্মকর্তা খাজা রহমতউল্লাহ হকি ফেডারেশনে সরকার মনোনীত নতুন কমিটির সাধারণ সম্পাদক হওয়ায়। কিন্তু অন্যরা? রহমতউল্লাহ জানালেন, ‘সবাইকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু আবাহনী ছাড়া আর কেউ আসেনি। মোহামেডান-ঊষা নিজেদের সমস্যা দেখিয়ে অপারগতা জানিয়েছে।’হকির নির্বাচিত কমিটি ভেঙে সরকার অস্থায়ী কমিটি গঠন করেছে গত ২১ নভেম্বর। ওই কমিটিতে হকির দীর্ঘদিনের সিনিয়র সংগঠকদের ঠিকভাবে মূল্যায়ন করা হয়নি বলে সমালোচনা হয়েছে অনেক। পরে সিনিয়রদের নামের ক্রম ঠিক করার পর কাজ শুরু করেছে কমিটি। বিজয় দিবস দিয়ে কার্যক্রম শুরু করতে যাওয়া নতুন কমিটি ২৫ ডিসেম্বর থেকে জাতীয় হকি শুরু করতে চায়। এখন নিবন্ধন চলছে। শিগগিরই ঘরোয়া লিগ শুরুর চেষ্টাও আছে। নতুন সাধারণ সম্পাদক জানাচ্ছেন, ‘ফেব্রুয়ারিতে প্রিমিয়ার লিগের দলবদল, মার্চে প্রথম বিভাগ ও মে মাসে প্রিমিয়ার লিগ শুরু হবে।’তবে আদৌ মে মাসে লিগ শুরু হবে কি না, সে সংশয় থাকছেই। কেননা, এর আগে দলবদলের সূচি দেওয়া হলেও কাজ হয়নি। নানা ঘোরপ্যাঁচে খেলা দূরের কথা, দলবদলের মাঠেই নামেনি ক্লাবগুলো। এভাবে ২০১১ সালটা লিগবিহীনই কেটে যাচ্ছে। নতুন সম্পাদক স্বপ্ন দেখাচ্ছেন অচলায়তন ভাঙার। কিন্তু ক্লাবের সহযোগিতা কতটা পাবেন? বিজয় দিবসে শুধু তাঁর ক্লাব আবাহনী খেলতে সম্মতি দেওয়ায় প্রশ্নটা থাকছেই।