
সামাজিক যোগাযোগমাধ্যমে পরশু নিজের একটা ছবি পোস্ট করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজ। সঙ্গে লেখা, ‘যা আগে কখনো বলা হয়নি, এ রকম অনেক কিছু বলার সময় এসেছে।’ স্পষ্ট করে কিছু বলেননি, কিন্তু দলে অস্থিরতার একটা আভাসই কি দিলেন?
একটা ক্রান্তিকালের ভেতর দিয়েই যাচ্ছে ইউনাইটেড। যে দলটা গত মৌসুমে হেসেখেলে চ্যাম্পিয়ন হয়েছিল, তারাই এখন পয়েন্ট তালিকার সাত নম্বরে। শিরোপার আশা সুদূরপরাহত, চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনাই ক্ষীণ। ছোট্ট নদী থেকে মহাসাগরে এসে যেন থই খুঁজে পাচ্ছেন না নতুন কোচ ডেভিড ময়েস। দুই দিন আগে নিজেই স্বীকার করেছেন, ‘কী হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না।’
‘ময়েস হটাও’ চিৎকার এখনো সেভাবে উঠছে না বটে, কিন্তু এমন দশা চলতে থাকলে সেটা আসতে কতক্ষণ! আজ এমিরেটসে আর্সেনালের বিপক্ষে ম্যাচটাতে এমনিতেই সবার নজর থাকত। ইউনাইটেডের দুর্দশার কারণে সেটি হয়ে উঠেছে আরও গুরুত্বপূর্ণ। একদিক থেকে দেখলে আর্সেনালের চ্যালেঞ্জটা অবশ্য আরও বড়। আগের ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুলের কাছে যেভাবে নাস্তানাবুদ হতে হয়েছে, সেটিকে অনায়াসে ‘লজ্জা’ বলে ফেলা যায়। অথচ ৫-১ গোলে শোচনীয় ওই পরাজয়ের আগ পর্যন্ত টানা ১০ ম্যাচ অপরাজিত থেকে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল ওয়েঙ্গারের দল।
আর্সেনাল মিডফিল্ডার মিকায়েল আরটেটা তাই জেগে ওঠার ডাক দিয়েছেন সতীর্থদের, ‘আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। ১৮ মিনিটেই আমরা চার গোল খেয়ে ফেলেছিলাম (লিভারপুলের সঙ্গে), যেন একটা “কার ক্র্যাশ”। ম্যানেজারকে (আর্সেন ওয়েঙ্গার) আমি কখনো এতটা রাগতে দেখিনি।’
ইউনাইটেডের ফর্ম যা-ই হোক, ইতিহাস তাদের পক্ষেই। গত দশ ম্যাচে আর্সেনালের কাছে মাত্র একবারই হেরেছে তারা। দুই দলের সাম্প্রতিক দ্বৈরথে রবিন ফন পার্সির আলাদা একটা জায়গা আছে। সর্বশেষ পাঁচটি ম্যাচেই গোল আছে তাঁর। প্রথম দুবার আর্সেনালের হয়ে, পরের তিনবার ইউনাইটেডের। ভাগ্য বদলের জন্য আজও নিশ্চয়ই ডাচ স্ট্রাইকারের দিকেই তাকিয়ে আছেন ‘অসহায়’ ডেভিড ময়েস! এএফপি, রয়টার্স।