শুধু কি আর সাঈদ আজমল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকলায়েন মুশতাকের অনেক কাজ। স্পিন বোলিং কোচ যখন, স্পিনারদের শেখানোর কাজটা তো আছেই। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে এর চেয়েও বড় কাজ হয়ে দাঁড়াচ্ছে, ব্যাটসম্যানদের সাঈদ আজমল রহস্য ভেদ করার টোটকা দেওয়া। জীবন বড় বিচিত্র! কে জানত, নিজের আবিষ্কৃত অস্ত্রই একদিন এমন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সাকলায়েনের জন্য। সেই অস্ত্র ভোঁতা করে দেওয়ার পথ বাতলে দিতে হবে ব্যাটসম্যানদের।বিকেলে নেটে রাজ্জাক-সানিকে অনেকক্ষণ কী যেন বোঝালেন। তখন তিনি স্পিন বোলিং কোচ। তবে সেই ভূমিকাটা একটু পরপরই বদলে গেল নেট বোলারে। যত না রাজ্জাক-সানিকে হাতে-কলমে শেখাতে, তার চেয়ে বেশি ব্যাটসম্যানদের সামনে ‘সাঈদ আজমল’ হতে।পাকিস্তানের বিপক্ষে খেলা মানেই এখন সাঈদ আজমলকে নিয়ে বাড়তি ভাবনা। এই ম্যাচটাতে তা বাড়তি মাত্রা পাচ্ছে, যে দুসরায় আজমল ব্যাটসম্যানদের জীবন দুর্বিষহ করে তুলছেন, সেটির আবিষ্কর্তা বাংলাদেশ দলের সঙ্গে বলে। তা ব্যাটসম্যানদের কী বললেন সাকলায়েন? কীভাবে বোঝা যাবে কোনটা অফ ব্রেক আর কোনটা দুসরা?সাকলায়েনের উত্তরটা আবার মনে করিয়ে দিল, ক্রিকেট আসলে খুব সরল খেলা, ‘বোঝার একটাই উপায়—গ্রিপ দেখা, বল দেখা। মানুষের দুই চোখ অসম্ভব শক্তিশালী। ওই দুই চোখে বল কী করছে না করছে, সব বোঝা সম্ভব।’ পরের প্রশ্নটার জন্য যেন প্রস্তুতই ছিলেন—এতই যদি সহজ, তা হলে দিনের পর দিন ব্যাটসম্যানদের এমন বোকা বানাচ্ছেন কীভাবে আজমল? ‘কারণটা হলো, ব্যাটসম্যানরা কখনো কখনো “বল দেখা”র ওই মূল কাজটা ভুলে গিয়ে স্কোরবোর্ড, ক্যামেরা, দর্শক, অ্যাভারেজ—এসব ভাবতে শুরু করে। আর বল দেখাটাও একটা আর্ট। এ জন্যও অনেক দিনের অনুশীলন লাগে।’সব ধরনের ক্রিকেটেই বিশ্বের এক নম্বর স্পিনার। তবে টি-টোয়েন্টির সাঈদ আজমল বোধ হয় সবচেয়ে বেশি ভয়ংকর। টেস্ট-ওয়ানডেতে তাঁকে একটু বুঝেশুনে খেলে পার করে দেওয়ার সুযোগ থাকে। টি-টোয়েন্টিতে বেশির ভাগ সময়ই বোলিং করেন ডেথে, কখনো বা পাওয়ার প্লেতে। যখন ব্যাটসম্যানদের চালানো ছাড়া উপায় থাকে না। এই ক্যান্ডিতে সাকলায়েন যখন সাঈদ আজমলকে নিয়ে কথা বলেন, তখন অদ্ভুত একটা ব্যাপার ঘটে। কিংবদন্তি আরেক অফ স্পিনারেরও ছায়াটাও যেন তাঁদের পাশে এসে দাঁড়ায়। ক্যারিয়ারের শুরুতে অনেক দিন বিশ্বের সেরা অফ স্পিনার ছিলেন সাকলায়েন। পরে তাঁকে ছাড়িয়ে অনেক দূর চলে যান এই ক্যান্ডিরই এক তামিল। মুত্তিয়া মুরালিধরনের উত্থানের সময় শ্রীলঙ্কার কোচ ডেভ হোয়াটমোর। এখন পাকিস্তানের কোচ হয়ে সাঈদ আজমলকেও দেখছেন খুব কাছ থেকে। দুসরার শিল্পকলায় কি মুরালিকেও ছাড়িয়ে যাচ্ছেন আজমল? প্রশ্নটার উত্তর হোয়াটমোরের খুব ভালো দিতে পারার কথা। তিনি তা দিলেনও, ‘মুরালির দুসরাও ছিল দারুণ। সাঈদ আজমলের মুরালি হতে আরও অনেক দূর যেতে হবে। তবে আমি দুজনের মধ্যে যে মিলটা দেখি, দলের পক্ষে কার্যকারিতার দিক থেকে দুজনই একই রকম। অধিনায়ক যখনই সমস্যায় পড়ে, নিশ্চিন্তে বল ছুড়ে দিতে পারে।’আজমলের ৪ ওভার পার করা ডিঙি নৌকায় উত্তাল নদী পাড়ি দেওয়ার মতো হতে পারে, কিন্তু আজ বাংলাদেশের হুমকি কি আর সাঈদ আজমলেই শেষ? শহীদ আফ্রিদিও তো আছেন। তাঁর ব্যতিক্রমী বোলিং সব ব্যাটসম্যানকেই ঝামেলায় ফেলে, বাংলাদেশের ব্যাটসম্যানদেরও ফেলবে। এই পাঠানের বড় মঞ্চ আবার খুব পছন্দ। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপটা বলতে গেলে নিজের করে নিয়েছিলেন। এবারও প্রথম ম্যাচেই ইঙ্গিত দিয়েছেন, আবারও বিশ্বকাপের আলো জ্বালিয়ে দিয়েছে তাঁর ভেতরের আগুন। আজমল-আফ্রিদির সঙ্গে আছেন মোহাম্মদ হাফিজও। উইকেট নেন বা না নেন, কিপটেমিতে শাইলককেও যেন হার মানান।শুধু স্পিনেই ঝামেলা শেষ হচ্ছে না। টানা দুটি ম্যাচ একই উইকেটে খেলা হয়েছিল বলে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে স্পিনাররা ভালোই সাহায্য পেয়েছিলেন। আজ খেলা হবে নতুন উইকেটে। তার ওপর আবার পুরো ম্যাচটাই রাতে। পেসারদেরও আজ উইকেট থেকে ভালোই সাহায্য পাওয়ার কথা। সামান্যতম পেলেও উমর গুল বা সোহেল তানভিরের ক্ষমতা আছে সর্বনাশের কারণ হয়ে দেখা দেওয়ার। পাকিস্তানের এই দল যেন বলতে গেলে ‘বিপিএল একাদশ’! বিপিএলের এক তারকা প্রথম ম্যাচে বাইরে বসে ছিলেন। মোহাম্মদ সামিকে আজ নামিয়েও দেওয়া হতে পারে। বাংলাদেশের চ্যালেঞ্জটা তাই শুধু পাকিস্তানের স্পিন বা পেস যেকোনো একটিতে সীমাবদ্ধ রাখা যাচ্ছে না। যে দলে শহীদ আফ্রিদি নামে এক ব্যাটসম্যান সাত নম্বরে নামেন, ব্যাটিংটাও বোধ হয় তাঁদের খারাপ নয়।না, সুপার এইটে উঠতে হলে বাংলাদেশকে অলৌকিক কিছুই করতে হবে বলে মনে হচ্ছে।