শুধু খেলার জন্যই খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব গ্যালারির মাঝামাঝি, বড় পর্দার পাশে এবং পেছনে জটলা পাকিয়ে আছেন গোটা বিশেক লোক। খেলা দেখতেই এসেছেন তাঁরা। তবে এই খেলা দেখতে গায়ে তপ্ত রোদ মাখাতে রাজি নন। তাই বড় পর্দার ছায়ার নিরাপদ আশ্রয় খোঁজা। এদিক-সেদিক ছড়িয়ে-ছিটিয়ে বসে আরও কয়েকজন। উত্তর আর দক্ষিণ গ্যালারি মিলিয়ে লোক পঞ্চাশ জন হয় কি না সন্দেহ।
গ্র্যান্ড স্ট্যান্ডেও ছোটখাটো একটা জটলা। শচীন টেন্ডুলকারের অবসরের পরও তাঁর ‘ফ্যান নম্বর ওয়ান’ সুধীর গৌতম ভারতকে সমর্থনের দায়িত্ব একনিষ্ঠভাবে পালন করে চলেছেন। জটলাটা তাঁকে ঘিরেই। শহীদ জুয়েল স্ট্যান্ডে দর্শক অবশ্য সেঞ্চুরি ছুঁয়েছে বলেই মনে হলো। শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচেও দর্শক ছিল অনেক কম, কিন্তু গ্যালারি কালকের মতো খাঁ খাঁ করেনি। আফগানিস্তানের ইনিংস শেষ হতে হতে লোকের আনাগোনা কিছু বাড়ল বটে। তার পরও সব মিলিয়ে সংখ্যাটা হাজার করতে হলে গোনায় ধরতে হবে মাঠের নিরাপত্তাকর্মী, টেলিভিশন ক্রুদেরও। শূন্য চেয়ারগুলো যেন ভ্রুকুটি করছিল ম্যাচটির দিকে তাকিয়ে!
এমনিতে ক্রিকেট প্রেমে বাংলাদেশের দর্শক বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে। তবে এই ম্যাচ দেখার উৎসাহ অনুভব করতে প্রেমটা অতি আধ্যাত্মিক পর্যায়েরই হতে হবে। দর্শকেরই বা দোষ কী, যাঁদের খেলা দেখতে আসবেন, তাঁদের প্রতিটি পদক্ষেপেই যে ফুটে উঠছে নিরাসক্তি! দেশে ফেরার আগে রোদে পোড়ার চেয়ে ড্রেসিংরুমের শীতল আশ্রয়কেই বুঝি আপন মনে হলো আফগানদের কাছে। উইকেটে গিয়ে কার আগে কে ড্রেসিং রুমে ফেরেন, এই প্রতিযোগিতা। ভারতীয়দের উদ্যাপনেও নেই উচ্ছ্বাস, একের পর এক উইকেট নিয়েও বোলারদের উচ্ছ্বাসে নেই প্রাণ। প্রবল অনিচ্ছা সত্ত্বেও নিয়ম রক্ষার ব্যাপারটি যে কত বিরক্তিকর হতে পারে, যেন সেটারই এক প্রামাণ্য ছবি।
পরশু রাতের আফ্রিদি-ট্র্যাজেডিতে যখন কপাল পুড়ল বাংলাদেশের, গুরুত্ব হারিয়ে ফেলল ফাইনালের আগে টুর্নামেন্টের বাকি দুটি ম্যাচও। বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পারলে অনেক হিসাব-নিকাশের পালা থাকত দুই ম্যাচেই। গতকালই যেমন মাঠে নামার সময় ফাইনাল খেলার একটা গাণিতিক সম্ভাবনা থাকত ভারত-আফগানিস্তানের ক্রিকেটারদের মাথায়। সূক্ষ্মাতিসূক্ষ্ম হিসাবটি মেলাতে দুই দলই উজাড় করে দিত নিজেদের। আফগানদের তবু সর্বস্ব ঢেলে দেওয়ার কারণ ছিল। এ ধরনের বড় টুর্নামেন্ট খেলার সুযোগ তো প্রতিদিন মেলে না! বিশ্ব চ্যাম্পিয়নদের ভড়কে দেওয়ার তাগিদও থাকতে পারত ভেতরে। সেই আফগানদেরই শরীর ভাষাতেই যেমন নিস্পৃহ ভাব, ভারতীয়দের অবস্থা তো না বললেও চলছে। মাঠের চেয়ে দেশে ফেরার ডাকই তাদের বেশি শুনতে পারার কথা।
আফ্রিদি আর পাকিস্তান জল ঢেলে দিয়েছে আজকের ম্যাচের উত্তেজনার আগুনেও। পরশু বাংলাদেশ যদি জিততে পারত, তাহলে আরেকটি ফাইনাল সম্ভাবনায় আজ টগবগ করে ফুটত মিরপুরের গ্যালারি, উত্তেজনায় কাঁপত গোটা দেশ। গ্যালারি হয়তো আজ আবার ভরে উঠবে ঠিকই, কিন্তু উত্তেজনার পারদ যেমন চড়বে না ওপরে, তেমনি প্রাণের কোলাহলেও থাকবে না চেনা সুর। বাংলাদেশের আরেকটি হার দীর্ঘায়িত করবে দীর্ঘশ্বাস। বাংলাদেশ জিতে গেলেও আনন্দ আর স্বস্তির সঙ্গে সমানভাবেই মিশে থাকবে আক্ষেপ—যদি পাকিস্তানকে হারানো যেত!
শ্রীলঙ্কার জন্য দৃশ্যপটের বদল খুব বেশি হয়নি। এই ম্যাচ তাদের জন্য আগে থেকেই ছিল আনুষ্ঠানিকতা, এখনো তা-ই। তবে ম্যাচটায় বারুদ থাকলে জ্বলে ওঠার একটা তাগিদ অনুভব করতেন হয়তো লঙ্কানরাও। এখন ম্যাচটি তাদের জন্য বরং আরও বেশি বিরক্তিকর। অর্থহীন ম্যাচ হয়ে উঠতে পারে অনর্থের কারণও। কে জানে, চোট-টোট বাধিয়ে বসতে পারেন কেউ। হেরে গেলে ফাইনালের আগে ছন্দপতন, আত্মবিশ্বাসে টান।
মন খারাপ নিশ্চয়ই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্তাদেরও। দু-দুটি অর্থহীন ম্যাচ মানে অর্থের প্রবাহেও ভাটা। লোকের আগ্রহ কম মানে টিভির বিজ্ঞাপনদাতাদের আগ্রহ কম, মুনাফা কম সব পক্ষেরই। আর নিয়ম রক্ষার ম্যাচ বেশি হওয়া মানে টুর্নামেন্টের জন্য বাজে বিজ্ঞাপনও। এসিসি এবং টিভি সম্প্রচারকারী সংস্থার উপায়ই বা কী, বাংলাদেশ আর ভারতই তো পারেনি টুর্নামেন্টকে শেষ ম্যাচ পর্যন্ত জিইয়ে রাখতে!
ওয়ানডেতে মুখোমুখি
ওয়ানডে বাংলাদেশ শ্রীলঙ্কা পরি.
মোট ৩৬ ৪ ৩১ ১
এশিয়া কাপে ১১ ১ ১০ ০