
সমস্যাটা আর্থিক হলে সেটা এখনই মিটিয়ে দিতে পারে প্যারিস সেন্ট-জার্মেই। ডলার-পাউন্ড খরচ করতে কোনো কার্পণ্য নেই তাদের। কিন্তু পিএসজিকে ১৯ বছর পর লিগ শিরোপা এনে দেওয়া কোচ কার্লো আনচেলত্তি সাফ জানিয়ে দিলেন, অর্থের লোভে নয়, তিনি প্যারিসের ক্লাবটিকে ছাড়তে চাইছেন সম্পূর্ণ ব্যক্তিগত কারণে। কী সেই কারণ? সেটি অবশ্য পরিষ্কার করে বলেননি রিয়াল মাদ্রিদে যেতে মরিয়া হয়ে ওঠা ইতালিয়ান কোচ। এএফপি।
‘সমস্যাটা আর্থিক নয় মোটেও। আমি অনেক উপার্জন করি এবং আগেও করতাম। এটা একেবারেই ব্যক্তিগত পছন্দ, কিন্তু কারণটা আমি বলতে চাই না’—পিএসজি ছাড়ার ব্যাপারে নিজের চূড়ান্ত সিদ্ধান্তটা এভাবেই জানালেন আনচেলত্তি। সমস্যা হচ্ছে তিনি ক্লাব ছাড়তে মরিয়া হলেও ক্লাব তাঁকে ছাড়তে রাজি নয়। পিএসজির পক্ষ থেকেও তাঁকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, চুক্তির বাকি আছে আরও এক বছর, সেটা শেষ করেই যেতে হবে। তাহলে কী করবেন আনচেলত্তি? সাবেক চেলসি কোচের বিশ্বাস, এ সমস্যারও একটা সমাধান বেরিয়ে যাবে কিছুদিনের মধ্যে, ‘আমাদের আরও কিছুদিন সময় লাগবে। কারণ সমাধানটা এত সহজ নয়।’
ছাড়াছাড়ির এ ব্যাপারটা আনচেলত্তির জন্য সহজ হোক কিংবা কঠিন, গুরুকে হারাতে চাইছেন না তাঁর শিষ্যরাও। অনেক দিন পর পিএসজিকে ফরাসি লিগ জেতানো স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ যেমন খবরটা শুনেই রাখঢাক ছাড়াই নিজের মতামত জানিয়েও দিলেন, ‘তিনি এখনো আমাদের কোচ, তাই অন্য কারও কথা ভাবা বোকামি হবে। আশা করছি, আনচেলত্তিই আমাদের কোচ থাকবেন।’