শুধু টেস্টের দিকেই তাকিয়ে পন্টিং
অবসর নিলে ব্যাপারটা আনুষ্ঠানিক রূপ পেত। কিন্তু মৃদু হেসে বললেন, দল থেকে বাদ পড়ার পর অবসর নিয়ে কী লাভ! বাস্তবতা মেনে নিয়েছেন রিকি পন্টিং, দেখে ফেলেছেন ভবিষ্যৎ। আনুষ্ঠানিকভাবে বিদায় বলেননি। তবে মেনে নিয়েছেন, অস্ট্রেলিয়ার হয়ে আর রঙিন পোশাকে খেলা হবে না। বুকে যন্ত্রণা আর মুখে হাসি নিয়ে সিডনির সংবাদ সম্মেলনে কাল জানালেন, খেলে যাবেন টেস্ট ক্রিকেট।ওয়ানডে থেকে অবসর না নেওয়া নিয়ে পন্টিংয়ের যুক্তি, ‘দল থেকে বাদ পড়ার পর আজ এখানে এসে “অবসর নিচ্ছি’’ কথাটি বলা আমার জন্য একটু কঠিন। তবে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে খেলার আশা আর করছি না এবং আমি মোটামুটি নিশ্চিত, নির্বাচকেরাও আমাকে আর দলে নেবেন না।’ওয়ানডে থেকে বাদ পড়ার পর অনেকে ভেবেছিলেন, টেস্টকেও বিদায় বলে দিতে পারেন পন্টিং। খোদ প্রধান নির্বাচক জন ইনভেরারিটিও ছিলেন সেই দলে। তবে কাল পন্টিং ভবিষ্যতের যে ছবি এঁকেছেন, তাতে টেস্ট ছাড়ার কথা নেই, ‘আমি টেস্ট ক্রিকেট খেলে যাব, তাসমানিয়ার হয়েও খেলব। আমার ধারণা, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেই আমি নিজের কাছে ও সবার কাছে প্রমাণ করেছি যে দাপটে টেস্ট খেলে যাওয়ার সামর্থ্য আমার আছে।’ নিজেকে ফিট ও খেলার মাঝে রাখার জন্যই রাজ্যদল তাসমানিয়ার হয়েই খেলতে চান। শুধু শেফিল্ড শিল্ডে নয়, খেলবেন ঘরোয়া ওয়ানডেতেও। আগামী শনিবারই রাইওবি ওয়ানডে কাপের ফাইনালে তাসমানিয়ান টাইগার্সের হয়ে খেলবেন সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে। মৌব্রে ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন তাসমানিয়ার ক্লাব ক্রিকেটেও।গত পাঁচ ম্যাচে ১৮ রান—অসাধারণ একটি টেস্ট সিরিজের পর ওয়ানডেতে পন্টিংয়ের এমন রান-খরা অনেকের কাছেই বিস্ময় হয়ে এসেছে। তবে পন্টিংয়ের ধারণা, ফর্মে ফেরার জন্য অতিরিক্ত পরিশ্রমই কাল হয়েছে, ‘এই টেস্ট গ্রীষ্মে উইকেটে অনেক সময় কাটিয়েছি, অনেক রান করেছি। এ জন্য আমাকে মাঠের বাইরে যে পরিশ্রমটা করতে হয়েছে...জীবনেও এত পরিশ্রম কখনো করিনি। গত ১২ মাসে অস্ট্রেলিয়া দলের যে কারও চেয়ে বেশি খেটেছি। একটা পর্যায়ে ক্লান্তি ও অবসাদ আমাকে ঘিরে ধরতই। ওয়ানডে সিরিজের শুরুতে এ জন্যই হয়তো যথেষ্ট শাণিত থাকতে পারিনি।’সর্বশেষ টেস্টে ডাবল সেঞ্চুরি, সিরিজে ৫৪৪ রান—ক্রিকেটকে পুরোপুরিই বিদায় জানালে টেস্ট ক্রিকেটের শেষটা অন্তত স্মরণীয় হতো। তবে আন্তর্জাতিক ক্রিকেটের মায়া ছাড়তে পারছেন না পন্টিং, ‘আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি আমার আবেগ ও অনুরাগ এখনো মরে যায়নি কিংবা একটুও বদলায়নি। এখনো আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখছি না। ওয়ানডেতে যেহেতু আর থাকছি না, এটা এখন সবারই জানা যে শেষটা কাছে চলে আসছে। আমি ঠিক এমন মানুষ নই যে খুব ঘটা করে বিদায়ী সিরিজ খেলে বিদায় নেব। যখনই মনে হবে, অস্ট্রেলিয়ার জয়ে আর অবদান রাখতে পারব না, তখনই সরে দাঁড়াব।’ ইংল্যান্ডে ২০১৩ অ্যাশেজ জয়ের ইচ্ছার কথা আগে অনেকবার বলেছেন। পন্টিংয়ের চোখ হয়তো সেদিকেই। সেই স্বপ্ন পূরণ হবে কি না, সময়ই বলবে। তবে বর্ণাঢ্য ও গৌরবময় এক ওয়ানডে ক্যারিয়ারের শেষটা নিজের চাওয়ামতো শেষ করতে না পারার আক্ষেপ অবশ্যই সঙ্গী হবে। সামান্য সান্ত্বনা হতে পারে একটাই, শেষ ওয়ানডেতেও দলকে নেতৃত্ব দিয়েছেন বড় এক জয়ে! ওয়েবসাইট।ওয়ানডেতে তাঁর কীর্তি দ্বিতীয় সর্বোচ্চ রান (১৩৭০৪) ও সেঞ্চুরি (৩০)। দুটিই সর্বোচ্চ শচীন টেন্ডুলকারের, ৪৮ সেঞ্চুরিতে ১৮২০১। দলের জয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান (১০৭২৬) ও সেঞ্চুরি (২৫)। এখানেও দুটিই সর্বোচ্চ টেন্ডুলকারের, ৩৩ সেঞ্চুরিতে ১১০৬০। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান (৮৪৯৭) ও সেঞ্চুরি (২২)। দ্বিতীয় সর্বোচ্চ ক্যাচ (১৬০), সর্বোচ্চ মাহেলা জয়াবর্ধনের ১৮৬। সবচেয়ে বেশি ম্যাচ (২৩০) ও সবচেয়ে বেশি জয়ে (১৬৫) নেতৃত্ব দেওয়া অধিনায়ক। জয়-পরাজয়ের হারে ইতিহাসের সফলতম ওয়ানডে অধিনায়ক (৩.২৩)। শুধু জয়ের হারে যৌথভাবে সেরা হানসি ক্রনিয়ের সঙ্গে (৭১.৭৩)। তিনটি বিশ্বকাপ জেতা তিন ক্রিকেটারের একজন, বাকি দুজন গ্লেন ম্যাকগ্রা ও অ্যাডাম গিলক্রিস্ট। দুটি বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়া দ্বিতীয় অধিনায়ক, বাকিজন ক্লাইভ লয়েড। দুটি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ে নেতৃত্ব দেওয়া একমাত্র অধিনায়ক।