
শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলই দুর্দান্ত খেলে সেমিফাইনালে উঠেছে। ফর্মে থাকা সেরা চারটি দলকে উঠতে দেখাটা আসলেই দারুণ।
নিউজিল্যান্ডের সঙ্গে এত কম রানে আউট হওয়ার পর নিশ্চিতই বুক দুরু দুরু করছিল শ্রীলঙ্কার। কিন্তু স্পিনসহায়ক পিচে তাদের স্পিনাররা কী দারুণভাবেই সাড়া দিল! টুর্নামেন্টের ধরনটাই আসলে এমন। ম্যাচগুলো হচ্ছে একই ভেন্যুতে। টুর্নামেন্টটা যতই এগোচ্ছে, আরও শুকাচ্ছে পিচ। আরও বড় হয়ে উঠছে স্পিনারদের ভূমিকা। তার পরও রঙ্গনা হেরাথের বোলিংটা আসলেই হয়েছে অসাধারণ। ৪ ওভারে ৫ উইকেট নেওয়াটা বিশাল অর্জন। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই বড় ম্যাচটি জিততে তার দিকে তাকিয়ে থাকবে শ্রীলঙ্কা।
পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি আরও একবার অসাধারণ খেলেছে। প্রথম ১৫ ওভারে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পাকিস্তানের হাতেই। কিন্তু পরের ২৫ ওভারে সেটা নিয়ে নিয়েছে ক্যারিবীয়রা। অস্ট্রেলিয়ার পর পাকিস্তানের বিপক্ষেও স্যামি যেভাবে মেরেছে, তা ছিল বিস্ময়কর। সবচেয়ে যেটি ভালো লেগেছে, তা হলো ভিন্ন কন্ডিশনে পেস ও স্পিন দুটির বিপক্ষেই তার বল মারার দক্ষতা। সামর্থ্যের বিচারে হয়তো সে সেরা নয়, কিন্তু চাপের মধ্যে তার প্রত্যয় ও খেলার প্রতি ভালোবাসাটা অসামান্য। বলতে গেলে সে একাই ক্যারিবীয়দের ম্যাচ জিতিয়েছে। আজ মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষেও সে হবে বড় একটা হুমকি।
গতবার শ্রীলঙ্কায় এই দুই দল মুখোমুখি হয়েছিল ফাইনালে, স্বাগতিকদের হারিয়ে জিতেছিল ক্যারিবীয়রাই। তারপর দুই দলে পরিবর্তন কিন্তু খুব বেশি আসেনি। লঙ্কানরা এবার বদলা নেওয়ারই চেষ্টা করবে। মাহেলা (জয়াবর্ধনে) ও সাঙ্গা (সাঙ্গাকারা) এবারই শেষবারের মতো খেলছে এই সংস্করণে। জয় দিয়েই এটা শেষ করতে চাইবে এই দুই চ্যাম্পিয়ন খেলোয়াড়। তবে কন্ডিশন সাহায্য করবে দুই দলকেই। এখানে বল করার মতো স্পিনার আছে দুই দলেই, শেষ দিকে মালিঙ্গা ও ভিন্ন সামর্থ্যের সান্টোকিরও থাকবে বড় ভূমিকা। সান্টোকিকে নিয়ে টুর্নামেন্ট শুরুর আগে কথা উঠেছিল অনেক। কিন্তু সে দলে নিজের যোগ্যতা প্রমাণ করেছে, কন্ডিশন অনুযায়ী করেছে আদর্শ বোলিং।
দুই দলের একাদশে আজ খুব পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরবে দিনেশ চান্ডিমাল। তবে কুশল পেরেরার জন্য ওপরের দিকে লঙ্কানদের একটা জায়গা বের করতে হবে। ওয়েস্ট ইন্ডিজের জন্য খুবই বিপজ্জনক হতে পারে সে। টুর্নামেন্টে প্রথমবারের মতো এই পিচে খেলতে যাচ্ছে তারা। গত মাসের এশিয়া কাপ অভিজ্ঞতা অবশ্য উইকেটে থিতু হতে ওদের সাহায্য করবে। মন্থর পিচ ওদের ঘাবড়ে দেবে না। দেশে এ রকম পিচ অনেক আছে লঙ্কানদের। এখানে মানিয়ে নিতে ওদের সমস্যা হওয়ার কথা নয়। দিন শেষে আজ সেমিফাইনালের লড়াইটা শুধু দক্ষতার নয়, হবে স্নায়ুরও।