বিদেশি ফুটবলারদের আগ্রাসন নিয়ে কত কথাই না হয়েছে এত দিন! কিন্তু আখের ফল শূন্য। এবার তো উল্টো ঘরোয়া ফুটবলে একটি দল এক লাফে বিদেশি নিতে পারছে সাতজন! গতবার এ সংখ্যাটা ছিল গোলরক্ষকসহ পাঁচজন। সাতজন বিদেশি নিলেও একটি দল এবারও এক ম্যাচে খেলাতে পারবে সর্বোচ্চ চারজন। তবে সব মিলিয়ে কিন্তু বিদেশি ফুটবলারে সয়লাব এখন ঢাকার ফুটবল। ফেডারেশন কাপের চূড়ান্ত পর্ব দরজায় কড়া নাড়ছে, বড় দলগুলোর প্রস্তুতির বড় অংশজুড়েই বিদেশিদের প্রধান্য। স্থানীয় মানসম্মত খেলোয়াড়ের অভাবকে বড় কারণ দেখিয়ে বিদেশির ওপরই নির্ভর করে দল গড়ছে ক্লাবগুলো।বিদেশি খেলোয়াড়ের নাম দেওয়ার শেষ তারিখ ছিল ১৫ ডিসেম্বর। ক্লাবগুলো এখন আর নতুন খেলোয়াড় নিতে পারবে না। তবে চাইলে বাদ দিতে পারে। সেটা বাংলাদেশ লিগ শুরুর এক সপ্তাহ আগ পর্যন্ত।ফেডারেশন কাপের জন্য বাংলাদেশ লিগের ১১টি দল ৬৩ জন বিদেশির নাম জমা দিয়েছে বাফুফের কাছে। গতবার এ সংখ্যাটা ছিল ১২ দলে ৫০-এর মতো। এবার সর্বোচ্চ সাতজন করে নিয়েছে শেখ জামাল, মোহামেডান, শেখ রাসেল ও নবাগত বিজেএমসি। ছয়জন করে আবাহনী, মুক্তিযোদ্ধা ও আরামবাগ। পাঁচজন নিয়েছে ব্রাদার্স ও রহমতগঞ্জ। ফেনী সকার ও ফরাশগঞ্জ চারজন করে।বিদেশি বলতে সেই বড় শরীরের আফ্রিকানরাই। ৬৫ জনের মধ্যে সবচেয়ে বেশি নাইজেরিয়ার ৩৫ জন। ক্যামেরুনের ১০, ঘানার আটজন। ব্রাজিল ও গুইনিয়ার তিনজন করে। উগান্ডার দুজন। কঙ্গো, লাইবেরিয়া, মরক্কো ও সেনেগালের একজন। পুরোনোদের সম্পর্কে তো জানাই আছে। নতুনদের মানটা বোঝা যাবে মাঠে নামার পরই। তবে গড়পড়তা প্রতি মাসে দুই-আড়াই হাজার ডলারে কেমন বিদেশি আসছে বাংলাদেশে, সেটি না বললেও চলছে। এঁদের কাছে ভালো ফুটবল আশা করাই তো বাড়াবাড়ি!মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম অবশ্য আলাদা করে আশা করছেন, একজন ভালো করার সম্ভাবনা আছে। তাঁর দলে নাম লেখানো নতুন দুই ব্রাজিলিয়ানের একজন মিডফিল্ডার লিমাকে নিয়েই এই কোচের আশাবাদ বেশি, ‘এই ছেলেটাকে অনুশীলনে ভালোই মনে হচ্ছে। সে নিজেকে আলাদা করে তুলে ধরতে পারে। গতবার মোহামেডানের হয়ে তিনটি হ্যাটট্রিক করা নাইজেরিয়ান সানডেও মুক্তিযোদ্ধায় জার্সি গায়ে নজর কাড়বে আশা করি।’সেটি হলে তো ভালোই। তবে সাতজন করে বিদেশি না এনে ওই টাকায় ভালো মানের তিনজন বিদেশি আনলেই বরং ফুটবলের জন্য বেশি ভালো হতো বলে মনে করেন শেখ রাসেলের কোচ মারুফুল হক। তাঁর কথা, ‘বিদেশি খেলোয়াড়ের ইনজুরি, কার্ড সমস্যা হতে পারে, তাই বেশি নিবন্ধন করানোর যে যুক্তি দেওয়া হয়েছে, তা ঠিক নয়। এটা গ্রহণযোগ্য ব্যাখ্যা হতে পারে না। সবচেয়ে বড় কথা, আমাদের মানের দিকটা খেয়াল রাখা উচিত। সেটা নিশ্চিত করা হয়নি আজও।’মানের প্রশ্নটাই বড় হয়ে আসছে ঘুরেফিরে। এবং তাতে দেখা যাচ্ছে, সে অর্থে আরেকটু ভালো মানের দিকে ছুটছেও না ক্লাবগুলো। সামর্থ্যবান ক্লাবগুলোও পুরোনোদের ওপরই ভরসা রাখছে। যেমন আবাহনীর হয়ে খেলতে যথারীতি চলে এসেছেন ঘানার আউডু ইব্রাহিম, সামাদ ইউসুফরা। নতুন কিছু করার তাড়না নেই ক্লাবগুলোর। এর বড় কারণ হিসেবে বরাবরই আর্থিক সংকটকে দেখানো হয়েছে। কিন্তু আবারও সেই একই প্রশ্ন, সাতজনের টাকা দিয়ে তিনজন আরেকটু ভালো মানের খেলোয়াড় কি আনা যেত না? ব্রাদার্সের ম্যানেজার আমের খান বলছেন, ‘আমাদের ক্যালেন্ডারই তো ঠিক নেই। কাগজে-কলমে সেপ্টেম্বর থেকে মৌসুম শুরু, অথচ এখন ডিসেম্বর যাচ্ছে। মাঠে নামা হয়নি। বিদেশি খেলোয়াড় এনে বসিয়ে রাখলে কীভাবে চলবে? মান নিয়ে ভাববেন কখন?’