উপজেলা চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়েই হওয়ার কথা জেলা পর্যায়ের খেলা। কিন্তু উপজেলা পর্যায়ে না খেলা একটি দলকে জেলা পর্যায়ে বানিয়ে দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন। জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টে গোঁজামিলের এমন ঘটনা ঘটেছে কুষ্টিয়ায়।শুধু তা-ই নয়, এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দেওয়া ফুটবল, জার্সি, হুজ, প্যান্টসহ কোনো সরঞ্জামও স্কুলগুলোকে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। জাতীয় স্কুল ফুটবল কমিটির ডেপুটি চেয়ারম্যান শেখ আসলাম বিষয়টি নিয়ে বেশ বিব্রত, ‘কুষ্টিয়ার ছয়টি উপজেলায় খেলার জন্য সব সরঞ্জাম পাঠানো হয়েছে। খেলা শুরু হলে টাকাও পাঠানো হবে। তবে শুনেছি খেলা হয়ে গেছে। আমার নিজের বিভাগ হিসেবে বিষয়টি নিয়ে আমি খুবই লজ্জিত।’ছয় উপজেলার অংশগ্রহণকারী ৬০টি দলের জন্য বল, জার্সি, মোজা ও ব্যানার-ফেস্টুন কুষ্টিয়া জেলা প্রশাসন বরাবর এরই মধ্যে পাঠানো হয়েছে। প্রতিটি উপজেলার দশটি স্কুল নিয়ে এই টুর্নামেন্ট হওয়ার কথা। অংশগ্রহণকারী প্রতিটি স্কুলের জন্য ১টি করে বল, ১ হাজার টাকা এবং দলের ১৫ জন খেলোয়াড়ের জন্য জার্সি, প্যান্ট ও মোজা বরাদ্দ রয়েছে। জেলা পর্যায়ে খেলার জন্য ১৫০০ টাকা, প্রতিটি উপজেলা ও জেলা ভেন্যু ৫ হাজার করে টাকা পায়। স্থানীয়ভাবে প্রচার-প্রচারণার দায়িত্ব ইসলামী ব্যাংকের, কিন্তু ব্যাংকটির স্থানীয় শাখা কোনো প্রচারণা চালায়নি। খেলা শুরুর দিন-তারিখ জানালে বাফুফে একজন প্রতিনিধি পাঠায় সংশ্লিষ্ট জেলায়। কিন্তু স্থানীয় প্রশাসন কোনো যোগাযোগ করেনি। দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক হোসেন জানিয়েছেন, খেলা বাবদ কোনো টাকা ও সরঞ্জাম তাঁরা পাননি। কুষ্টিয়া জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও টুর্নামেন্টের জেলা কমিটির সদস্য সচিব মকবুল হোসেন দাবি করেন, ‘কুষ্টিয়া স্টেডিয়ামে গত মঙ্গলবার বিকেলে ইসলামী ব্যাংক জাতীয় স্কুল ফুটবল ফাইনাল হয়েছে। উপজেলা পর্যায়েও সব খেলা হয়েছে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে দৌলতপুর উপজেলার খাসমথুরাপুর স্কুল এবং রানার্সআপ কুমারখালী উপজেলার জেএন মাধ্যমিক বিদ্যালয়।’খোঁজ নিয়ে জানা গেছে, জেলার ছয়টি উপজেলায় কোনো উপজেলা পর্যায়ের খেলা হয়নি। জেলা প্রশাসনের শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিক আনোয়ার হোসেন প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে গত বছরের মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ফুটবলের উপজেলা চ্যাম্পিয়ন দলগুলোকে জেলা পর্যায়ের খেলায় অংশ নেওয়ার জন্য নির্দেশ দেন। ছয়টি উপজেলার মধ্যে ৪টি উপজেলার দল নিয়ে মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া স্টেডিয়ামে ফাইনাল হয়।