শুধু বিটিভিতে খেলা
ভারত-বাংলাদেশের ‘হোম’ সিরিজগুলো প্রচার করেই পরিচিতি পেয়ে গেছে টেলিভিশন চ্যানেল নিও ক্রিকেট। দর্শকেরা তাই পত্রিকা অফিসে ফোন করে জানতে চান, ‘বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিও ক্রিকেট দেখাচ্ছে তো?’জবাব—না! কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্প্রচার স্বত্ব পাওয়া নিমবাসের নিজস্ব চ্যানেল নিও ক্রিকেট ব্যস্ত ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ সরাসরি সম্প্রচারে। শুধু নিও ক্রিকেট নয়, আজ থেকে শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড পাঁচ ওয়ানডের সিরিজটি উপমহাদেশে কোনো স্যাটেলাইট চ্যানেলই দেখাবে না। বাংলাদেশের দর্শকেরা তাই শুধু বিটিভিতেই দেখতে পারবে খেলা।বাংলাদেশে না দেখালেও ইএসপিএন যুক্তরাষ্ট্রে, সুপার স্পোর্টস আফ্রিকায় এবং স্কাই স্পোর্টস নিউজিল্যান্ডে সরাসরি সম্প্রচার করবে মাইক্রোম্যাক্স ওডিআই কাপের ম্যাচ।বিশ্বকাপ সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংস্কারকাজ চলছে। গ্যালারির বেশির ভাগ অংশই তাই দর্শকহীন রাখতে হচ্ছে। ৩৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে ম্যাচপ্রতি টিকিট ছাড়া হচ্ছে ১০ হাজারের মতো। বিসিবি সূত্রে জানা গেছে, আজকের ম্যাচের সব টিকিটই বিক্রি হয়ে গেছে। আজ স্টেডিয়ামের কাউন্টারে তাই টিকিট পাওয়া যাবে না। বিসিবি থেকে অনুরোধ, টিকিটের আশায় দর্শকেরা যেন স্টেডিয়ামে ভিড় না করে। গ্যালারির টিকিটের দাম এবারই সর্বনিম্ন ২৫ টাকা রাখা হয়েছে। এ ছাড়া ক্লাব হাউস ১০০ টাকা, আন্তর্জাতিক গ্যালারি ২০০ টাকা এবং ভিআইপি গ্যালারির টিকিটের দাম ১ হাজার টাকা করে।সংস্কারকাজ চলায় দর্শকদের এই সিরিজে কিছু ঝক্কি-ঝামেলাও পোহাতে হবে। আগের মতো আর সেই পরিপাটি অবস্থায় নেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। থাকছে না দর্শকদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও। বিসিবি থেকে তাই জানানো হয়েছে, ব্যক্তিগত গাড়ি নিয়ে খেলা দেখতে আসা দর্শকেরা যেন স্টেডিয়ামের গেটেই গাড়ি থেকে নেমে পড়েন। মাঠে যতটা সম্ভব কম পরিমাণে খাবারদাবার এবং পানীয় আনারও অনুরোধ করেছে বিসিবি।আইসিসির নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক সিরিজ বা টুর্নামেন্টের সময় কিছু জিনিস এমনিতেও মাঠে নেওয়া যায় না। এসবের মধ্যে আছে আগ্নেয়াস্ত্র বা খেলনা বন্দুক, বিস্ফোরক বা পটকা-বাজি, যেকোনো ধরনের ধারালো জিনিস, কাচের বোতল বা টিনের কৌটা, বাঁশ বা যেকোনো ধরনের লাঠি, পাথর বা ছুড়ে মারা যায় এমন বস্তু, বর্ণবাদী বা ধর্মবিরোধী লেখাসংবলিত ব্যানার-পোস্টার, লেজার পয়েন্টার, পেশাদার ভিডিও ক্যামেরা, আয়না, ছুড়ে মারা যায় এমন আস্ত ফল, দেশলাই এবং নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন যেকোনো কিছু। এখনই এসব অভ্যাস করে ফেলা ভালো। সামনে বিশ্বকাপ। স্বাগতিক দর্শকেরা নিশ্চয়ই বিব্রত হতে চাইবে না!