শুধু মেসিতেই শেষ নয়: ইব্রা
ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির ল্যাপটপে নিশ্চয়ই ‘মেসি’ নামের আলাদা একটা ফোল্ডারই আছে। আগামীকাল চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে বার্সেলোনার মুখোমুখি হবে অ্যালেগ্রির এসি মিলান। দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসিই নিশ্চয় কোচের প্রধান দুশ্চিন্তা। তবে মিলানের জ্লাতান ইব্রাহিমোভিচ এই বলে সতর্ক করছেন, শুধু মেসির কথা ভাবলে চলবে না। কারণ, বার্সা মানে শুধু মেসি নয়। দুই বছর বার্সেলোনায় খেলে গেছেন। খুব ভালো করেই জানেন দলটা কেমন। নিজের সেই অভিজ্ঞতা থেকে ‘ইব্রা’ বলছেন, ‘তাদের খেলা মানে শুধু মেসি নয়। মিলান মানেও যেমন শুধু ইব্রাহিমোভিচ নয়। ওরা বিশ্বের সেরা দল। আমাদের তাই হারানোর কিছু নেই। চাপ তো থাকবে বার্সেলোনার ওপর।’সুইডিশ এই স্ট্রাইকার নিজেও আছেন দুর্দান্ত ফর্মে। ইতালিয়ান লিগে ২৩ ম্যাচে ২২ গোল। সব মিলে মৌসুমে ৩৩ ম্যাচে তাঁর গোল ২৯টি। নিজের সাবেক ক্লাবের মুখোমুখি হতে তাই প্রস্তুত ইব্রা, ‘এই মৌসুমটা আমার জন্য একদম নিখুঁত যাচ্ছে। ভালো খেলে যাওয়ার জন্য আমি দৃঢ়প্রতিজ্ঞ। অবশ্য জানি, বার্সেলোনার ম্যাচটা খুব কঠিনই হবে।’ ওয়েবসাইট।