শুধু স্পেনের জন্য
নিরিবিলি, ছিমছাম শহরটিতে সব মিলে লাখ তেরো লোকের বসবাস। মাঝেমধ্যে এখানে অনুশীলন করতে আসেন খ্যাতিমান অ্যাথলেটরা। আন্তর্জাতিক খেলা বলতে মাঝেমধ্যে এখানে কিছু ক্রিকেট হয়। ব্যাট-বলের শব্দ আর মৃদু করতালি শহরকে মাতাল করে তুলতে পারে না।সেই শান্তশিষ্ট পচেফস্ট্রুমই গতকাল থেকে মাতাল হয়ে উঠল। মাতাল হয়ে ওঠার প্রস্তুতি চলছিল কয়েক বছর ধরে। কাল এ শহরটির নর্থওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ভিলেজে এসে আস্তানা গাড়ল বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল স্পেন। আর তাতেই পাহাড়ি ছোট্ট এই শহরটায় শুরু হয়ে গেল বিশ্বকাপ-উত্সব।এই উত্সবে মেতে ওঠার জন্য শহরটির অপেক্ষা আর প্রস্তুতির শেষ নেই। নর্থওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে গোটা চল্লিশেক ফুটবল দল থাকলেও, সে রকম মানসম্পন্ন কোনো অনুশীলন মাঠ ছিল না। শুধু স্পেন আসবে বলে নতুন করে তৈরি করা হয়েছে একটা অনুশীলন মাঠ। গোটা সাতেক রাগবি মাঠ আর সেনউইস পার্ক ক্রিকেট স্টেডিয়ামের পাশে এই অনুশীলন মাঠটিতে স্পেন দলের পছন্দমতো বিশেষ ঘাস এনে লাগানো হয়েছে।সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩৫০ মিটার ওপরের এই বিশ্ববিদ্যালয়ের ভিলেজটিকে স্পেন দলের বেছে নেওয়ার একটি বড় কারণ নিশ্চয়ই উচ্চতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। তবে একই সঙ্গে শহরটির নিরিবিলি চরিত্র ও নতুন করে তৈরি হওয়া ঝাঁ-চকচকে সুবিধাদিও স্প্যানিশদের উত্সাহিত করেছে।খেলোয়াড়, কোচিং দল ও কর্মকর্তারা মিলিয়ে স্পেন দলের ৭০ জনের মতো মানুষ থাকবেন এই ভিলেজে। তাঁদের থাকা-খাওয়া-অনুশীলনের সুবিধাদি তৈরি করতে প্রায় ৫৮ লাখ মার্কিন ডলার ব্যয় করা হয়েছে। স্প্যানিশদের এই ভিলেজটির দায়িত্বে থাকা সাবেক দক্ষিণ আফ্রিকান দৌড়বিদ জিয়ান ভার্স্টার বলছিলেন, ‘আমরা এমন একটা কাঠামো তৈরির চেষ্টা করেছি, যেখানে খেলোয়াড়েরা সর্বোচ্চ পর্যায়ের অনুশীলন করতে পারেন। বিশ্বকাপের জন্য আমরা সত্যিই এখানকার অবকাঠামো ও সুযোগ-সুবিধা অনেক উন্নত করতে পেরেছি।’ভার্স্টারের কথার সত্যতা খুঁজতে বেশি দূর যেতে হবে না, বিমানবন্দরে পৌঁছালেই চলবে। শহরটিতে সে রকম কোনো বাণিজ্যিক বিমানবন্দর কখনোই ছিল না। ছিল দক্ষিণ আফ্রিকান প্রতিরক্ষা বাহিনীর একটা বেস বিমানবন্দর। সেটিকেই বিশ্বকাপ উপলক্ষে সাড়ে ৩৩ লাখ মার্কিন ডলার ব্যয়ের প্রায় বাণিজ্যিক বিমানবন্দরে পরিণত করে ফেলা হয়েছে। বড় করা হয়েছে রানওয়ে, নিয়োগ দেওয়া হয়েছে অনেক কর্মচারী-কর্মকর্তাকে। সবকিছুই শুধু স্পেনের জন্য।এর আগে পচেফস্ট্রুমে তারকাদের পায়ের চিহ্ন কখনো পড়েনি তা নয়। ক্রিকেটাররা তো এসেছেনই। এই শহরের হাই পারফরম্যান্স সেন্টারে অনুশীলন করতে আসতেন লিন্ডফোর্ড ক্রিস্টি, পলা র্যাডক্লিফদের মতো দৌড়বিদ। এখানে অনুশীলনের সুবিধার জন্য একটা বাড়িই কিনে ফেলেছেন কেলি হোমস। কিন্তু কোনো কিছুই শহরকে স্পেনের মতো জাগিয়ে দিতে পারেনি। বিশ্বকাপ, ভালো করে বলা চলে, স্পেনের আগমন উপলক্ষে স্থানীয় দৈনিক হেরাল্ড একটি বিশেষ সংখ্যা বের করেছে। বিশেষ সংখ্যায় স্প্যানিশ, আফ্রিকান ও ইংরেজি ভাষায় নিবন্ধ প্রকাশ করা হয়েছে। সবগুলো ভাষায় শহরের মেয়র মাফহেটলে মাফটেলে একটা শুভেচ্ছাবাণী লিখেছেন। শিরোনাম—মনে করুন বাড়িতেই আছেন, আপনারা ‘হোম অব স্পোর্টস’-এ পৌঁছে গেছেন!এবার দেখার বিষয়, ‘বাড়ি’তে থেকে কত দূর যেতে পারে স্পেন। ওয়েবসাইট।