শুধুই আনন্দের নয় এই জন্মদিন
শুভ জন্মদিন!কার জন্মদিন? টেস্ট খেলুড়ে বাংলাদেশের!১১ বছর আগে আজকের এই দিনে টেস্ট ক্রিকেটের অচেনা-অজানা ভুবনে পা রেখেছিল বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটের অভিজাত কুলে নাম লেখানোর গৌরব দেশজুড়ে এনে দিয়েছিল উৎসবের উপলক্ষ। প্রতিবছর সেই দিনটি ফিরে আসে। ফিরিয়ে আনে সেই সুখস্মৃতিও।শুধু কি সুখস্মৃতিই! জন্মদিন আনন্দের, উদ্যাপনেরও। কিন্তু এই জন্মদিনটা কি একই সঙ্গে হিসাব মেলানোরও নয়! টেস্ট ক্রিকেটে ১১ বছর হয়ে গেল, কী লেখা হলো খেরো খাতায়? ১১ বছরে ৭১ টেস্ট ম্যাচ খেলে ৬১টিতেই পরাজয়ের তিতকুটে স্বাদ মুখে নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। জয় মাত্র ৩টি। পরিসংখ্যানকে ‘গাধা’ বলে উড়িয়ে দিতে চাইতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত সাফল্য-ব্যর্থতার খতিয়ান তো ওই পরিসংখ্যানেই।হ্যাঁ, পরিসংখ্যান এখানে ‘গাধা’ বটে। কারণ সেটি শুধু বাংলাদেশের তিনটি জয়ের কথাই বলছে। ওই তিনটি জয়ই যে নানা তালেগোলে ভাঙাচোরা দলের বিপক্ষে, এ কথাটা গোপনই রেখে দিচ্ছে। সত্যি তো এটাই, সেই ২০০০ সালে টেস্ট অভিষেকের সময় বাংলাদেশ যেমন হাঁটি-হাঁটি পা-পা শিশু ছিল, ১১ বছর পরও অনেকটা তা-ই আছে। জেনে অবাক হবেন, অভিষেক টেস্টের প্রথম ইনিংসটি এখনো বাংলাদেশের সবচেয়ে লম্বা টেস্ট ইনিংস হয়ে আছে! সে টেস্টে ৫৩৫ মিনিট ব্যাটিং করে ৩৮০ বল খেলে আমিনুল ইসলামের ১৪৫। সময় এবং বল—দুই বিচারেই এখনো তা বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের দীর্ঘতম ইনিংস!এই যে ১১ বছর পরও বাংলাদেশ টেস্ট ক্রিকেটের তলানিতেই পড়ে আছে, সেই দায়টা খেলোয়াড়দের নয়। দায় বাংলাদেশের ক্রিকেট কাঠামোর, যা খেলোয়াড়দের টেস্ট ক্রিকেটের উপযুক্ত করে তুলতে একেবারেই অসমর্থ। একেকটা সিরিজে ভরাডুবি হয়। কয়েক দিন দেশের ক্রিকেট কাঠামো, পিকনিক মেজাজের প্রথম শ্রেণীর ক্রিকেট নিয়ে তুমুল আলোচনা হয়। সেটি ভুলে যেতেও আবার সময় লাগে না। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ যে তিমিরে ছিল, সেই তিমিরেই থেকে যায়।মজার (নাকি দুঃখের!) ব্যাপার হলো, কী কারণে এমন দশা, বাংলাদেশের ক্রিকেট-সংশ্লিষ্ট সবাই তা জানেন! ক্রিকেট নিয়ে যেকোনো আলোচনা সভা বা সেমিনারে যান, আপনি ‘মুগ্ধ’ হয়ে যাবেন। আমাদের এই সমস্যা-ওই সমস্যা, এই করতে হবে-ওই করতে হবে...সমস্যাগুলো যেমন সবাই জানেন, তেমনি করণীয়ও। কিন্তু ওই বলা পর্যন্তই। সবকিছু সেই আগের নিয়মেই চলতে থাকে।টেস্ট ক্রিকেটের জন্য খেলোয়াড়দের তৈরি করার কাজটা করার কথা ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটের। অথচ বাংলাদেশের একমাত্র প্রথম শ্রেণীর প্রতিযোগিতা জাতীয় লিগে দেশের সেরা খেলোয়াড়েরা বলতে গেলে খেলেনই না। বেশির ভাগ সময় আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি তাদের খেলারই সুযোগ দেয় না। জাতীয় লিগের সময়সূচি ঠিক করার সময় যে এটি কারও মাথায়ই থাকে না। কারণটাও অনুমেয়, ঢাকার ক্লাব কর্মকর্তারাই বাংলাদেশের ক্রিকেট চালান, ৫০ ওভারের ঢাকা প্রিমিয়ার লিগই এখনো তাঁদের ধ্যানজ্ঞান। প্রিমিয়ার লিগের জন্য তাই ঠিকই ‘উইন্ডো’ বের করা যায়, জাতীয় লিগের জন্য নয়।জাতীয় লিগের পিকনিক মেজাজ নিয়ে এত কথা, অথচ এ বছর তাতে আরও দুটি দল বাড়িয়ে দেওয়া হলো! ছয় দলের টুর্নামেন্টেই প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ ছিল অনুপস্থিত, অথচ সেখানে দল হয়ে গেল আটটি! জাতীয় দলের খেলোয়াড়দের পাওয়া যাবে না, ‘এ’ দলের সফর আছে—দল গড়তেই হিমশিম অবস্থা। আর কোনো দেশে বোধ হয় ফার্স্ট ক্লাস ক্রিকেটার হওয়া এত সহজ নয়!জাতীয় লিগ শুরু হয়েছিল হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। অঞ্চলভিত্তিক যেকোনো প্রতিযোগিতার অপরিহার্য শর্তও এটি। অথচ জাতীয় লিগ কেন আর হোম অ্যান্ড অ্যাওয়ে হচ্ছে না—সেই প্রশ্নের কোনো উত্তর নেই। আঞ্চলিক ক্রিকেট সংস্থা হচ্ছে-হবে করে এত বছর চলে গেল, এখনো এটি কাজির গরু—কেতাবে আছে, গোয়ালে নেই!টেস্ট খেলুড়ে একটা দেশের ক্রিকেট ১১ বছর পরও সেই ঢাকাকেন্দ্রিকই হয়ে আছে। জাতীয় দলের বাইরে চলে গেলে একজন ক্রিকেটারের জন্য ন্যূনতম অনুশীলনসুবিধা পর্যন্ত নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিদের মুখে এসব নিয়ে কোনো কথা শুনেছেন আজ পর্যন্ত? শুনেছেন এমন কোনো লক্ষ্যের কথা—২০১৫ সালের মধ্যে আমরা টেস্ট র্যাঙ্কিংয়ের ৬/৭-এ উঠতে চাই? কোনো লক্ষ্যই না থাকলে আপনি এগোবেন কীভাবে?বছরের পর বছর এভাবেই গেছে। হয়তো এভাবেই যাবে। বছর ঘুরে ১০ নভেম্বর আসবে। সংবাদমাধ্যমে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জন্মদিন পালিত হবে। সেই জন্মদিনে আক্ষেপের কথাগুলো কিছু বধির কানে মাথা কুটে মরবে।শুভ জন্মদিন, টেস্ট-জাতি বাংলাদেশ!