শুধুই একটা ক্রিকেট ম্যাচ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনিক, ফর্ম আর ইতিহাস নিয়ে অনেক কথা হয়েছে। মোহালি কিন্তু শেষ পর্যন্ত হয়ে উঠবে স্নায়ুর লড়াই। এখানেই আসল দৃঢ়তা দেখাতে হবে।এটা স্রেফ একটা ক্রিকেট ম্যাচ—এই কথাটা একেবারেই ফালতু। একটা পরাজয়ই যখন জাতীয় অপমান হিসেবে বিবেচিত হয়, যখন একটা ভুল সিঙ্গেল নেওয়ার মাশুল হিসেবে আপনার পরিবারকে আত্মগোপন করতে হয়; যখন আপনি দেবতার আসনে বসেন কিংবা আপনার ঠাঁই হয় অপমানিতদের কাতারে—এটা তখন স্রেফ একটা ক্রিকেট ম্যাচ হয়ে থাকতে পারে না।এ ধরনের পরিস্থিতি হয় আপনার শরীর হিম করে দেবে কিংবা আপনি উত্তেজনায় টগবগ করবেন। বড়রা, অভিজ্ঞরা আপনাকে সাহায্য করতে পারে। কিন্তু শেষ পর্যন্ত আপনার মনের ভেতর যা আছে, সেটাই গড়ে দেবে ব্যবধান। হঠাৎই আপনি নিজের সঙ্গেই মুখোমুখি হবেন। পরীক্ষা হয়ে যাবে, আপনি আসলেই জোয়ান মর্দ হয়ে উঠেছেন, নাকি স্রেফ উঠতি এক কিশোর।প্রথমে যে কাজটা করতে হবে, দলের তরুণদের বলি, হাজারটা উপদেশে কান দেওয়া বাদ দাও। বিশেষজ্ঞ আর মিডিয়ার তো নিজেদের কাজটা করতে হবে। ম্যাচ শেষে তারা হয়তো অনেক কথা বলবে। কিন্তু এখন ক্রিকেটারদের প্রথমে যা করা উচিত, সব ভুলে ক্রিকেটেই পুরো মনোযোগ দেওয়া। নির্ভারতাই শেষ পর্যন্ত সাফল্যের চাবিকাঠি হয়ে যেতে পারে। নির্ভার থাকলে আপনি পরিস্থিতি সম্পর্কে সঠিক ধারণাটিই পাবেন। এমনিতেই সব মিলিয়ে ম্যাচটি কানায় কানায় ভরে থাকা একটি গ্লাস হয়ে আছে। এতে আর নতুন কিছু ভরানো সম্ভব নয়।দুই দলের সামনেই অফুরন্ত প্রেরণা রয়েছে। ভারত নিশ্চয়ই চাইবে টেন্ডুলকারের জন্য জিততে। পাকিস্তান লড়বে সম্মানের জন্য। এটা সেই ম্যাচ, যে গৌরবের জন্য আপনি ক্রিকেট খেলেন। ম্যাচের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ইঞ্চি গুরুত্বপূর্ণ। ভারতের ভালো শুরু মানেই কিন্তু এই নিশ্চয়তা নয়, পাকিস্তানের বোলাররা পরে ঘুরে দাঁড়াতে পারবে না। একইভাবে পাকিস্তানের ব্যাট হাতে বাজে শুরু মানে কিন্তু এই নয় আবদুল রাজ্জাকরা সেটি পরে পুষিয়ে দিতে পারবে না। যে দল পুরো ১০০ ওভারে ভালো খেলবে, তারাই উল্লাসে মাতাবে তাদের দেশকে।অনেক কৌতূহল। অজস্র অনুমান। কাগজে-কলমে ভারত এগিয়ে, কিন্তু পাকিস্তান এসেছে একটা মিশন নিয়ে। কালকের প্রভাবটি দুই দেশের জন্যই তাই হয়ে উঠতে পারে আবেগময়। এবং সেটি শুধু ক্রিকেটের মধ্যে আবদ্ধ থাকবেও না।কে বলে, এটা স্রেফ একটা ক্রিকেট ম্যাচ!