শুধুই কোটি টাকার লড়াই নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়ন হলে এক কোটি টাকা পাওয়ার ব্যাপার তো আছেই, আগামীকাল শুরু দ্বিতীয় সুপার কাপ বড় দলগুলোর কাছে মর্যাদারও।মোহামেডান কোচ শফিকুল ইসলাম যেমন বলছেন, ‘কোটি টাকাই মূল লক্ষ্য নয়। এর সঙ্গে দলগুলো চাইবে একটা ট্রফি জিতে মৌসুমটা শেষ করতে। মোহামেডান প্রথম সুপার কাপের চ্যাম্পিয়ন, এবার দলটা সে রকম না হলেও সুপার কাপ অবশ্যই আমরা জিততে চাই। এটা একটা সুযোগও বটে।’সুযোগটা সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধার সামনে। এ মৌসুমে শেখ জামালের পর কাগজে-কলমে দ্বিতীয় সেরা দল মুক্তিযোদ্ধা ট্রফিহীন। লিগে শেখ জামালের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তারা দ্বিতীয় স্থানে। শেখ জামালের বিরুদ্ধে পাতানো খেলার অভিযোগ প্রমাণিত হলে এবং পয়েন্ট কাটা গেলে দ্বিতীয় স্থানে থাকা মুক্তিযোদ্ধা চ্যাম্পিয়ন হতে পারে। সেটা পরের ব্যাপার, না হলে মুক্তির ঘর তো শূন্যই!কোটি টাকার সুপার কাপ জিতে হতাশাটা মুছতে চান মুক্তিযোদ্ধার কোচ মারুফুল হক। ২৭ মাস আগে প্রথম সুপার কাপে এই মারুফই মোহামেডানকে জিতিয়েছেন। এবার পারবেন? কাল তিনি বললেন, ‘দুটি ট্রফি চলে গেছে। লিগের ব্যাপারে সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তার পরও সুপার কাপে আমরা মরণকামড় দেব। নিজেদের প্রমাণের এটাই আমাদের শেষ সুযোগ।’লিগে পয়েন্ট তালিকার শীর্ষ দল শেখ জামালের কাছেও সুপার কাপ নিজেদের সেরা প্রমাণের মঞ্চ। যেহেতু লিগে শীর্ষে থাকাটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, তাই এখন কোটি টাকার টুর্নামেন্টকে মর্যাদার লড়াই হিসেবেই দেখছে দলটি।শেখ জামালের কোচ পাকির আলী বলছেন, ‘সুপার কাপে আমাদের চ্যাম্পিয়নের মতোই খেলতে হবে। কারণ আমরা লিগ চ্যাম্পিয়ন। আমাদের সবকিছুই ঠিকঠাক চলছে। আশা করছি, এই বিগ বাজেটের ট্রফিটা জিতব।’আবাহনীর খবর কী? মৌসুমের শুরুতে আসামের বরদুলই ট্রফি জয়, তারপর ঘরে উঠল ফেডারেশন কাপ। স্বাধীনতা কাপ জেতা যায়নি, লিগে শেষ পর্যন্ত চতুর্থ। আকাশি-নীলের ম্যানেজার সত্যজিৎ দাস গাইছেন আশার গান, ‘সুপার কাপটা জেতার জন্য আমরা উদ্গ্রীব। প্রস্তুতি জোরেশোরেই চলছে।’ছয় দলের ১২ দিনের টুর্নামেন্ট। ম্যাচ মাত্র নয়টি। চার জয়েই চ্যাম্পিয়ন। সেই জয়ের জন্য ব্যাকুল লিগের তৃতীয় দল শেখ রাসেল, ষষ্ঠ হওয়া গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান। ব্রাদার্সও এটিকে নিচ্ছে সুযোগ হিসেবে। যদিও ব্রাদার্স কোচ ওয়াসিম ইকবাল ধীরস্থির ‘চ্যাম্পিয়ন হতে চাই, এই কথা বলে চাপ নিচ্ছি না। তবে আমাদের প্রস্তুতি ভালো।’দু-একজন করে নতুন খেলোয়াড় নিয়েছে কোনো কোনো দল। প্রায় পুরোটা লিগ জাতীয় দলের ৭-৮ জন খেলোয়াড় বেঞ্চে কাটালেও শেখ জামাল নতুন চারজন খেলোয়াড় নিয়েছে। তাঁরা হলেন ফরাশগঞ্জের স্ট্রাইকার সোহেল রানা, আরামবাগের সাইফুল্লাহ, ফেনী সকারের গোলরক্ষক পিরু এবং মিডফিল্ডার সোহেল। এই চারজন আগামী মৌসুমে জামালে খেলবেন বলে জানা গেছে। সুপার কাপে খেলানোর সিদ্ধান্ত হবে ক্লাব সভাপতি মনজুর কাদের বিদেশ থেকে ফিরলে।লড়াইটা কোটি টাকার, তার ওপর মর্যাদার। সেটি রক্ষার জন্য একটু বেশিই তৎপর দেখাচ্ছে শেখ জামালকে।