শুধুই মেসিকে নিয়ে ভাবছেন না ভিদিক
২০০৯ সালে বার্সেলোনার কাছে হেরেই চ্যাম্পিয়নস লিগ শিরোপাটা হাতছাড়া হয়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। রোমের সেই ফাইনালে একটি গোল করেছিলেন লিওনেল মেসি। এবার লন্ডনে আরও একটি ফাইনালের আগে তাই এই আর্জেন্টাইন স্ট্রাইকারকে নিয়েই বেশি ভয় ম্যান ইউ শিবিরে। তবে শুধুই মেসির দিকে একতরফাভাবে দৃষ্টি দিচ্ছেন না ম্যান ইউ ডিফেন্ডার নেমানজা ভিদিক।এ মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছেন মেসি। স্প্যানিশ লিগে সর্বোচ্চ গোলদাতার আসনটি দখল করতে না পারলেও ৩১ গোল করে বার্সাকে এনে দিয়েছেন লিগ শিরোপা। চ্যাম্পিয়নস লিগেও ১১ গোল করে তিনিই এবারের সর্বোচ্চ গোলদাতা। তবে শুধুই মেসির দিকে নজর দিলে জাভি-ইনিয়েস্তারা বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারেন বলে মনে করছেন ভিদিক। তিনি বলেছেন, ‘মেসি একজন অসাধারণ খেলোয়াড়। তাকে থামানো সত্যিই কঠিন। কিন্তু আমাদেরকে জাভি, ইনিয়েস্তাদের কথাও মাথায় রাখতে হবে। তারাও গুরুত্বপূর্ণ খেলাগুলোর মোড় ঘুরিয়ে দিতে পারে যেকোনো সময়। আসলে শুধু একজন খেলোয়াড় না। আমাদেরকে পুরো বার্সেলোনা দলকেই থামানোর কথা ভাবতে হবে।’ রয়টার্স।