শুধুই রেফারিদের কড়া বার্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অদ্ভুত কাণ্ড চলছে ঢাকার ক্রীড়াঙ্গনে। একই সঙ্গে তিনটি প্রধান খেলাকেই গ্রাস করেছে আম্পায়ার বা রেফারিং বিতর্ক। ক্রিকেটে এবার আম্পায়ারিং নিয়ে কত কত অভিযোগ! হকিতে তো বিদেশি আম্পায়ার এনেও ফল আসেনি। খেলোয়াড়, কর্মকর্তাদের অসহিষ্ণু আচরণের শিকার তাঁরাও। ক্রিকেট-হকির চেয়ে এক কাঠি এগিয়ে ফুটবল। এখানে রেফারিদের শারীরিকভাবে হেনস্তা হওয়ার মতো ভয়ানক দৃশ্যও দেখতে হচ্ছে!
ক্লাবের বেয়ারা-বলবয়রাও মাঠে ঢুকে রেফারিকে কিল-ঘুষি মারার দুঃসাহস দেখাচ্ছেন। এই ন্যক্কারজনক কাজটা করেছেন ব্রাদার্সের বলবয় রাজু। ব্রাদার্সের সহকারী ম্যানেজার হাশেম মোল্লাও জড়িয়েছেন একই কাজে। ১৭ জুন গোললাইন বিতর্ক তুলে ‘গোপীবাগের সিংহদের’ বিপক্ষে গোল দেওয়া হয়েছে আবাহনীকে। সেই গোল নিয়ে ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠেছে আকাশি-নীলেরা। গোলটি সঠিক কি না, সে অন্য বিতর্ক। কিন্তু গোল বাতিল চেয়ে ব্রাদার্সের অমন মারমুখী প্রতিক্রিয়ায় রেফারিদের আতঙ্কিত হওয়ারই কথা।
এই ঘটনার আগের দিন রহমতগঞ্জও রেফারিকে হেনস্তা করেছে। দলটির কোচ কামাল বাবু তেড়ে যান রেফারির দিকে। বাংলাদেশের ফুটবলে এসব চিরকালীন দৃশ্য হলেও মাঝে কিছুদিন ছিল না। সম্প্রতি আবার রেফারি নিগ্রহ শুরু হয়েছে। সেই রেফারিকে কাঠগড়ায় তুলে ‘অফসাইড গোল’ বাতিল চেয়ে বাফুফের কাছে চিঠিও দিয়েছে রহমতগঞ্জ।
ভুল বা সঠিক যে সিদ্ধান্তই দেওয়া হোক, মাঠে রেফারিই সর্বেসর্বা। চলমান কোপা আমেরিকায় পেরুর ফুটবলার হাত দিয়ে গোল করে ব্রাজিলকে বিদায় করে দিলেন। রেফারি সেটি গোল দিলেন। কিন্তু এমন তো হয়নি যে ব্রাজিলের কেউ গিয়ে রেফারিকে গলা চেপে ধরে বলেছেন, ‘...গোল দিলি কেন!’
তবে বিতর্কমুক্ত রেফারিংয়ের ব্যাপারে বাফুফে তৎপর। রেফারিরা এমনিতেই ভুল করলে শাস্তি পান। সেটা প্রচার করা হয় না। তবে কাল বাফুফের নতুন রেফারিজ কমিটির প্রধান সাবেক ফুটবলার ইকবাল হোসেন বললেন, ‘আবাহনী-ব্রাদার্স এবং শেখ রাসেল-রহমতগঞ্জ ম্যাচের ভিডিও দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব। তার আগে ওই দুই ম্যাচের রেফারিরা আপাতত আর ম্যাচ পাবেন না।’
বাফুফের নিজস্ব উদ্যোগে করা ম্যাচ-ভিডিও দেখে অবশ্য আসল ছবিটা বোঝা কঠিন। বিয়েবাড়ির ক্যামেরা দিয়ে আর যা-ই হোক, ফুটবল ম্যাচ ভিডিও হয় না! তাই বিটিভির কাছে ভিডিও ফুটেজ চাওয়া হয়েছে। বাফুফের রেফারিজ কমিটির কো-চেয়ারম্যান মনিরুল ইসলাম অবশ্য বলছেন, ‘ভিডিওতে যতটুকু দেখেছি ব্রাদার্সের গোললাইন বিতর্কের সেই গোলটি বৈধ। পোস্টের ভেতর থেকে হেডে বল ক্লিয়ার করেছেন ব্রাদার্স-ডিফেন্ডার।’
গোল বিতর্কে ইকবাল হোসেনের ভাষ্যটা পরিষ্কার। তাঁর মতে, রেফারির ভুল হতে পারে। তাই বলে ইচ্ছাকৃত ভুল মেনে নেওয়া হবে না। ফেডারেশন কাপের সেমিফাইনাল-ফাইনাল ম্যাচ ভালোভাবে পরিচালনা করার ব্যাপারে আগাম সতর্কও করা হয়েছে রেফারিদের। সামনে অনেক খেলা আছে, তাই ভালো রেফারিং নিশ্চিত করতে নড়েচড়ে বসেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ নিয়ে বাফুফে-রেফারি কাল যৌথ সভাও হয়ে গেল, যেখানে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন নির্ভয়ে সঠিকভাবে ম্যাচ পরিচালনার ডাক দিয়েছেন রেফারিদের। কোনো ক্লাবকে সুবিধা দেওয়া বা না দেওয়ার সুযোগ নেই বলেও জানিয়ে দিয়েছেন সভাপতি।
তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এসব দেখেও ক্লাবগুলোর ব্যাপারে বাফুফের অবস্থান কঠোর নয়। আবাহনী-ব্রাদার্স বা শেখ রাসেল-রহমতগঞ্জ ম্যাচে শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে এখনো কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। কড়া শাস্তির হুঁশিয়ারিও কোনো কর্তার মুখে নেই। বাফুফের শৃঙ্খলা কমিটি কবে সভায় বসে ব্যবস্থা নেবে, এখনো তা অজানা। সভায় বসলেই বা কী, ব্রাদার্সের সহকারীর নাম নাকি রেফারির প্রতিবেদনে উল্লেখই করা হয়নি! তাহলে আর এসব বন্ধ হবে কীভাবে!