শুধুই 'অর্থহীন' ম্যাচ নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এটি যেন ‘ঝরে পড়া’ স্পেনের প্রতীকী ছবি৷ পরশু কুরিতিবায় অনুশীলন শুরুর আগে l এএফপি
এটি যেন ‘ঝরে পড়া’ স্পেনের প্রতীকী ছবি৷ পরশু কুরিতিবায় অনুশীলন শুরুর আগে l এএফপি

নিয়মরক্ষার তাড়না না থাকলে স্প্যানিশরা হয়তো অস্ট্রেলিয়ার সঙ্গে আজকের এই ‘অর্থহীন’ ম্যাচটার জন্য অপেক্ষা করত না। চিলির কাছে হারের পরই হয়তো চড়ে বসত দেশের বিমানে! প্রথম দুই ম্যাচ পরই বাড়ি ফেরা নিশ্চিত হয়েছে যাদের, আনুষ্ঠানিকতার এই ম্যাচে তাদের জিতলেই কী, হারলেই কী!
পাওয়ার হয়তো কিছু নেই। তবে হারানোর অবশ্যই আছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে প্রথম দুই ম্যাচেই হেরে ছিটকে পড়ার ‘প্রথম কীর্তি’ এরই মধ্যে গড়ে ফেলেছে স্পেন। আজ হারলে স্প্যানিশদের সঙ্গী হবে আরও একটা লজ্জার ‘প্রথম’। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে গ্রুপের তিন ম্যাচেই হারের লজ্জার রেকর্ড। ভিসেন্তে দেল বস্কের দল নিশ্চিতভাবেই এ রকম একটা লজ্জার রেকর্ড এড়িয়ে শেষটা অন্তত জয় দিয়ে করতে চাইবে। ডিফেন্ডার রাউল আলবিওল বলছেন, ‘আমরা বিশ্বকাপ খেলতে এসেছি। আমরা বাদ পড়েছি ঠিক, গ্রুপের শেষ দল না হতে আমাদের জয় এবং কিছু পয়েন্ট অবশ্যই দরকার।’
স্প্যানিশদের জয়ের তাড়না দিচ্ছে আরেকটা কারণও। ইকার ক্যাসিয়াস, জাভি হার্নান্দেজ, জাবি আলোনসো—স্পেনের সোনালি প্রজন্মের অন্যতম তিন স্তম্ভকে কেন্দ্র করেই স্পেন হয়ে উঠেছিল অন্যগ্রহের এক দল। ইউরো-বিশ্বকাপ-ইউরো, স্পেনের বিস্ময়কর সাফল্যে তাঁদের অবদানই বেশি। জাতীয় দলের হয়ে এই তিনজনেরই আজকের ম্যাচটা হতে পারে শেষ ম্যাচ! চোটের কারণে ডিফেন্ডার জেরার্ড পিকের না খেলার সম্ভাবনা বেশি আজ।
ম্যাচটাকে তাৎপর্যপূর্ণ করে তুলতে চাইছে অস্ট্রেলিয়ানরাও। প্রথম দুই ম্যাচই হেরে তাদেরও বিশ্বকাপ শেষ। কিন্তু চিলি-হল্যান্ডের কাছে হারলেও দুই ম্যাচেই গতিময় ফুটবল খেলেছে অস্ট্রেলিয়ানরা। হল্যান্ডের সঙ্গে তো ২-১ গোলে এগিয়েও গিয়েছিল। অস্ট্রেলিয়ানরা তাই স্বপ্ন দেখছে বিধ্বস্ত স্পেনকে হারিয়ে দেওয়ার! টানা দুই হলুদ কার্ড পাওয়ায় আজ খেলতে পারবেন না দলের সেরা তারকা টিম কাহিল। তবে প্রথম দুই ম্যাচেই গোল করা নিউইয়র্ক রেড বুলসের ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড জয়ের স্বপ্নই েদখছেন, ‘শেষ ম্যাচটা আমাদের জন্য বিশাল। স্পেনকে হারাতে পারলে সেটা হবে অস্ট্রেলিয়ার ইতিহাসের অবিস্মরণীয় মুহূর্ত।’ এএফপি।