শুনানি পেছাল কানেরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানি স্পিনার দানিশ কানেরিয়া ও কাউন্টিতে তাঁর সাবেক সতীর্থ মেলভিন ওয়েস্টফিল্ডের শুনানি ২১ মে অনুষ্ঠিত হচ্ছে না। কানেরিয়ার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী শুনানির তারিখ পিছিয়ে ১৮ জুন নির্ধারণ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।কাউন্টি ক্রিকেটে স্পট ফিক্সিংয়ের মাধ্যমে দুর্নীতি করার অভিযোগে গত মাসে কানেরিয়াকে অভিযুক্ত করে শুনানির জন্য চিঠি দেয় ইসিবি। শুনানিতে দোষী সাব্যস্ত হলে বিশ্বব্যাপী নিষিদ্ধ হতে পারেন পাকিস্তানি এই স্পিনার।২০০৯ সালে এসেক্সের হয়ে খেলার সময় স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছিলেন কানেরিয়ার সাবেক সতীর্থ মেলভিন ওয়েস্টফিল্ড। গত ফেব্রুয়ারিতে তাঁকে এই অপরাধে চার মাসের কারাদণ্ড দেয় যুক্তরাজ্যের একটি আদালত। মূল ব্যাপার হলো, শুনানির সময় ওয়েস্টফিল্ড দাবি করেন, পাকিস্তানি স্পিনার কানেরিয়ার প্ররোচনাতেই স্পট ফিক্সিংয়ে জড়ান তিনি।কানেরিয়ার বিরুদ্ধে অভিযোগের তীর শুরু থেকেই ছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে এর আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও আইসিসি তদন্ত চালায়। ২০১০ সালে পুলিশ কানেরিয়াকে জিজ্ঞাসাবাদও করেছিল। তখনকার তদন্ত বা জিজ্ঞাসাবাদে অবশ্য তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তবে আদালতে ওয়েস্টফিল্ডের দেওয়া বক্তব্যের ওপর ভিত্তি করে কানেরিয়াকে অভিযুক্ত করে ইসিবি। অভিযুক্ত করা হয় কারাগারে থাকা ওয়েস্টফিল্ডকেও।এখনো দোষী সাব্যস্ত হননি, তবে পাকিস্তান ক্রিকেটে নিষিদ্ধই হয়ে আছেন কানেরিয়া। তাঁর সততা নিয়ে সন্দেহ রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) গঠিত ‘নৈতিকতা’ কমিটি। যতক্ষণ পর্যন্ত এ সন্দেহ দূর না হবে, ততক্ষণ পর্যন্ত এই লেগ-স্পিনারকে জাতীয় দলে নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে পিসিবি। বাট-আমির-আসিফদের স্পট কেলেঙ্কারির পর এই ‘নৈতিকতা’ কমিটি গঠন করা হয়। ওয়েবসাইট।