শুনানি বয়কট করবেন আফ্রিদি!
লন্ডন থেকে দেশে ফিরে এসেছেন শহীদ আফ্রিদি। বিরুদ্ধ স্লোগান নয়, আজ সোমবার দেশের মাটিতে পা দিয়েই পেয়েছেন ভক্তদের উষ্ণ অভ্যর্থনা। শোনা যাচ্ছিল, আফ্রিদির ফিরে আসার উদ্দেশ্য—পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শৃঙ্খলা কমিটির শুনানিতে উপস্থিত হয়ে সব ঝামেলা মিটিয়ে ফেলা। তবে সর্বশেষ খবর, এই শুনানিতে উপস্থিতই হবেন না কয়েক দিন আগে ‘শর্ত সাপেক্ষে’ অবসরের ঘোষণা দেওয়া পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।ক্রিকইনফো জানিয়েছে, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ হচ্ছে না অভিযোগ তুলে ৮ জুন অনুষ্ঠেয় শুনানিতে অংশ নেওয়া থেকে বিরত থাকতে পারেন আফ্রিদি। করাচিতে দেওয়া তাঁর আইনজীবীর বক্তব্যেও এর ইঙ্গিত পাওয়া গেছে, ‘পিসিবি যে প্রক্রিয়ায় এগিয়ে চলেছে, তা আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কারও বিরুদ্ধে মামলা করার আগে তাঁর বক্তব্য দেওয়ার অধিকার পাকিস্তানের সংবিধানে দেওয়া আছে।’লন্ডনে গিয়েই অবসরের ঘোষণা দিয়েছিলেন আফ্রিদি। পিসিবির ‘অন্যায় আচরণের’ কারণেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় আফ্রিদির জাতীয় চুক্তি স্থগিতসহ তাঁকে দেওয়া সব অনাপত্তিপত্র বাতিল করে পিসিবি। ফলে হ্যাম্পশায়ারের হয়ে খেলার স্বপ্ন শেষ হয়ে যায় আফ্রিদির। ওয়েবসাইট।