শুনানি শেষে ‘এ’ দলে ফিরছেন শাহরিয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘোষণাটা এখনো আনুষ্ঠানিকভাবে আসেনি। তবে গতকালের শুনানি শেষে শাহরিয়ার নাফীসকে ‘এ’ দলে ফেরানোর সিদ্ধান্ত একরকম পাকা।শাহরিয়ারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কাল ‘এ’ দলের কোচ স্টুয়ার্ট বার্নস ও শাহরিয়ারসহ ভারত সফরে থাকা টিম ম্যানেজমেন্ট সদস্যদের সঙ্গে কথা বলেছেন শৃঙ্খলা কমিটির প্রধান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। আলোচনা শেষে তিনি বলেছেন, ‘শাহরিয়ার দোষ স্বীকার করেছে। সে জন্যই হয়তো বড় কোনো শাস্তি হবে না। এ ব্যাপারে আমরা আগামীকাল (আজ) সিদ্ধান্ত জানাব।’একটি সূত্রে জানা গেছে, ভবিষ্যতে এ ধরনের আচরণ না করার জন্য শাহরিয়ারকে কঠোরভাবে সতর্ক করবে বিসিবি। সে সঙ্গে খেলায় ফেরার পথে থাকা অলিখিত বাধাটাও তুলে নেওয়া হবে। শাহরিয়ারকে রেখে আজকালের মধ্যেই ঘোষণা হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স দলের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল।