শুনানির জন্য দুবাইয়ে বাট-আমির
আইসিসির দেওয়া সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে নিজেদের করা আপিলের শুনানিতে অংশ নিতে দুবাইয়ে অবস্থান করছেন সালমান বাট ও মোহাম্মদ আমির। কাল শনি ও পরদিন রোববার আইসিসির আচরণবিধি কমিশনের চেয়ারম্যান মাইকেল বেলফের সামনে শুনানিতে অংশ নিতে হবে পাকিস্তানের এই দুই ক্রিকেটারকে।লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের অভিযোগে গত মাসের গোড়ার দিকে সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে সাময়িকভাবে নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুর্নীতিবিরোধী আইনের ২ নম্বর ধারা অনুযায়ী আইসিসির সাময়িক নিষেধাজ্ঞায় বলা হয়েছিল, নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে ক্রিকেটারদের। এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন ক্রিকেটারই আপিল করেন। কিন্তু আসিফ গত সপ্তাহে নিজের আপিল প্রত্যাহার করে নেওয়ায় শুধু বাট ও আমিরের শুনানি অনুষ্ঠিত হবে। ওয়েবসাইট