শুভ জন্মদিন এডসন!
জন্মসনদে নাম লেখা হয়েছিল ‘এডিসন’। তারিখ ছিল ২১ ‘অক্টোবর’। পরে জানা যায়, ভুল হয়েছে দুই জায়গাতেই। নাম হবে এডসন। তারিখ ২৩ অক্টোবর। অবশ্য এটা ঠিক, ছেলের নাম বাবা রাখতে চেয়েছিলেন বিজ্ঞানী টমাস আলভা এডিসনের নামে। যে এডিসনের আবিষ্কার করা বৈদ্যুতিক বাতি অন্ধকার তাড়িয়ে আলোয় ভাসিয়ে দিয়েছিল পৃথিবী। সব সন্তানই বাবার দেওয়া নামের মাহাত্ম্য প্রমাণ করতে পারে না। এডসন পেরেছিলেন। তিনি আলোকিত করেছিলেন ফুটবল-বিশ্ব।আজ সেই কিংবদন্তি এডসনের ৭০তম জন্মদিন। এক দিক দিয়ে এডিসনকেও হয়তো ছাড়িয়ে গেছেন তিনি। পৃথিবীর যে প্রান্তে এখনো বৈদ্যুতিক আলো পৌঁছায়নি, সেখানেও পৌঁছে গেছে তাঁর নাম। সাধারণ মানুষ অবশ্য এডিসন ‘এডসন’ আরান্তেস দো নাসিমেন্তো—এই শ্বাসহরা নামে নয়, ছোট্ট, আদুরে একটা নামে চেনে তাঁকে—পেলে!ব্রাজিল কিংবদন্তির মাহাত্ম্য নতুন করে বর্ণনা করার আর কী আছে! পুরো জীবনটাই তো ভেসেছে স্তুতির স্রোতে। অন্তহীন প্রশংসায় পেলে নিজেও ক্লান্ত। ক্লান্ত বলেই হয়তো জীবনের শেষ দিনগুলো কাটাতে চান প্রচারের আড়ালে। আজকের দিনটিও যেমন পরিবারের একান্ত কাছের মানুষদের সঙ্গেই কাটানোর পরিকল্পনা করেছেন। পৃথিবীর নানা প্রান্ত থেকে শত-সহস্র আমন্ত্রণ এসেছে। কেউ সংবর্ধনা দিতে চায়, কেউ চায় একান্ত সাক্ষাৎকার; কেউ বা নিতান্তই অনাড়ম্বরভাবে তাঁর সঙ্গে কাটাতে চায় দিনটি, নিখাদ ভালোবাসা থেকে। কিন্তু সবার প্রস্তাব সবিনয়ে প্রত্যাখ্যান করে এই বার্তা দিয়েছেন পেলে, ‘আমার প্রিয় বন্ধুগণ, আপনাদের আমন্ত্রণের জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু ৭০ বছর বয়সে আমার কাছে সবচেয়ে বড় উপহার হলো সুস্থ থাকা। সেই সঙ্গে বিশ্বজুড়ে আপনাদের কাছ থেকে পাওয়া সম্মান, সমর্থন আর অনুপ্রেরণা অটুট থাকাও।’পেলের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য সম্ভবত বাবা হিসেবে ফুটবল-পাগল একটা মানুষকে পাওয়া। একসময় ফ্লুমিনেন্সে খেলা দনদিনহোর ছেলে পিতার প্রত্যাশাকেও ছাড়িয়ে গিয়েছিলেন একসময়। আজ পেলে নামে জগদ্বিখ্যাত হলেও পেলে কিন্তু শুরুর দিকে এই নামটি মোটেও পছন্দ করেননি। ‘প্রথমে এই নামটা একটুও ভালো লাগেনি আমার। আমার নাম ছিল এডসন। ও নামে ডাকায় একদিন স্কুলের এক ছেলের সঙ্গে মারপিটও করেছিলাম। যে কারণে আমাকে দুই দিন সাসপেন্ড করা হয়। এরপর ছেলেরা আরও বেশি করে আমাকে ওই নামে ডাকতে শুরু করে’—এডসন থেকে পেলে হয়ে ওঠার গল্প শুনিয়েছেন প্রথম শ্রেণীর ফুটবলে ১২৮৩টি গোলের মালিক।পেলে নামটি তাঁকে দিয়েছিল বাউরু অ্যাটলেটিকো ক্লাব। অবশ্য এই ক্লাবে বেশি দিন খেলেননি। দ্রুতই যে নজরে পড়ে গিয়েছিলেন ‘দৈত্য’ সান্তোসের। ১৯৫৬ থেকে ১৯৭৪—টানা ১৮টি বছর খেলেছেন এই ক্লাবটির হয়েই। ক্যারিয়ারের শেষ দুই বছর অবশ্য কাটিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কসমসে।এই দুটো ক্লাবই আজ বিশেষ আয়োজনে পালন করছে তাঁর জন্মদিন। সরকারি উদ্যোগেও নানা আয়োজন থাকছে। শোনা যাচ্ছে, যে বাড়িতে জন্মেছিলেন, সেটি জাদুঘর বানিয়ে ফেলার উদ্যোগও নাকি নেওয়া হয়েছে।অবশ্য জাদুঘরের কাচে বন্দী হয়ে নয়, পেলে আজীবন বেঁচে থাকবেন ভক্তদের হূদয়ে!