ফাস্ট বোলার হয়েও তিনি যেন ছিলেন অন্যরকম। মাঠের বাইরে যেমন, মাঠেও তেমনি ভীষণ বিনয়ী। শরীরী ভাষায় সেই ফাস্ট বোলার-সুলভ ঔদ্ধত্য নেই। তবে ওটা শুধুই আচরণে, বোলিংয়ে ঠিকই ছিলেন জাত ফাস্ট বোলার। ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত পেস ব্যাটারি বিদায় নেওয়ার পর কার্টলি অ্যামব্রোসকে নিয়ে দীর্ঘদিন সামলেছেন দলের বোলিং আক্রমণ। ১৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে দলকে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন একা। ওয়ানডেতে সবচেয়ে কম রানে ৫ উইকেট নেওয়ার রেকর্ড তাঁর, ১৯৮৬ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন ১ রানে! ২০০১ সালের ১৯ মার্চ ত্রিনিদাদে জ্যাক ক্যালিসকে এলবিডব্লু করে ছুঁয়েছেন এমন এক কীর্তি, যেটি তাঁর কাছ থেকে কেড়ে নিতে পারবে না কেউ। প্রথম বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেট! টেস্টে সর্বোচ্চ উইকেটের রেকর্ড বেশ কিছুদিন ছিল তাঁর দখলে। ২০০১ সালে ক্রিকেটকে বিদায় জানানো ক্রিকেটার আজ পা দিলেন ৪৯-এ। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কে? শুভ জন্মদিন, কোর্টনি ওয়ালশ!