শুভ জন্মদিন, মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি
মেসি

আগে এই দিনটার মাহাত্ম্য ছিল অন্য রকম৷ এখন সেই উচ্ছ্বাসের তীব্রতা থিতিয়ে এসেছে অনেকটাই৷ সন্তানের বাবা হয়েছেন, মাঠে তো বটেই, দায়িত্ব বেড়েছে মাঠের বাইরেও৷ আজকের দিনটা যে ‘বিশেষ’ একটা দিন, সেটাও হয়তো আলাদা করে উদ্যাপনের ফুরসত পাবেন না৷ বিশ্বকাপের ডামাডোলের মধ্যে আছেন, এখন দম ফেলার সময় কই? তার পরও অনেকেই নিশ্চয়ই মনে করিয়ে দেবেন, আজ যে ২৬ পেরিয়ে ২৭-এ পা দেবেন লিওনেল মেসি! আজ অবশ্য আর্জেন্টিনার খেলা নেই, আগামীকাল নাইজেরিয়ার সঙ্গে গ্রুপপর্বের শেষ ম্যাচ৷ প্রথম দুই ম্যাচে যা করেছেন, এরপর মেসির ওপর প্রত্যাশার চাপটা এখন আকাশচুম্বী৷ বলতে গেলে একাই আর্জেন্টিনাকে জিতিয়েছেন, ইরানের বিপক্ষে দেওয়া শেষ গোলটা তো বহুদিন লেগে থাকবে চোখে৷ চাইলে জন্মদিনের উৎসবটা এক দিনের জন্য মুলতবি রাখতে পারেন৷ কাল নাইজেরিয়াকে হারিয়েই তো উদ্যাপন করতে পারেন!