শুভ জন্মদিন 'আন্তর্জাতিক ফুটবল'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পীর তুলিতে আঁকা প্রথম আন্তর্জাতিক ম্যাচের মুহূর্ত
শিল্পীর তুলিতে আঁকা প্রথম আন্তর্জাতিক ম্যাচের মুহূর্ত

জানেন কি, আন্তর্জাতিক ফুটবলের শুরুর সঙ্গে ভীষণভাবে জড়িয়ে আছে ক্রিকেট! ক্রিকেটই যে ছিল প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচের আঁতুড় ঘর!
সবকিছুর একটা শুরু থাকে। আর সেই শুরুর মাধ্যমে রচিত হয় নতুন ইতিহাস। আমাদের এই ইতিহাসের গল্প শুনতে হলে ফিরে যেতে হবে বহু পেছনে। সালটা ছিল ১৮৭২, আর দিনটা ছিল ৩০ নভেম্বর। যেদিন অনুষ্ঠিত হয়েছিল ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ।
এই ম্যাচের সূত্রপাত অবশ্য হয়েছিল আরও দুই বছর আগে। ১৮৭০ সালে। ১৮৭০ সালের মার্চ থেকে ১৮৭২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছিল ইংল্যান্ড ও স্কটল্যান্ড। এই ম্যাচগুলো আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি না পেলেও প্রথম আন্তর্জাতিক ম্যাচের ভিত্তি গড়ে দিয়েছিল ঠিকই। এই ম্যাচগুলোর মূল উদ্যোক্তা ছিলেন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি চার্লস অ্যালকক।
সেই ম্যাচগুলোতে যে খেলোয়াড়দের স্কটল্যান্ড দলের জন্য বাছাই করা হয়েছিল, তাঁরা আসলে সবাই ছিলেন লন্ডনে থিতু হওয়া স্কটিশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। একমাত্র পুরোদস্তুর স্কটিশ খেলোয়াড় ছিলেন কেবল স্ট্রাইকার রবার্ট স্মিথ। তিনি খেলতেন স্কটিশ ক্লাব কুইন্স পার্ক এফসিতে।
ফলে বিতর্ক উঠল, স্কটল্যান্ড দলে স্কটিশ খেলোয়াড় ছিল না। যাঁরা ছিল, তারা আসলে অ্যাংলো-স্কটিশ। চার্লস অ্যালকক তারপর ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যে আরেকটি ম্যাচ খেলার প্রস্তাব দেন। এবার ঠিক হয়, স্কটল্যান্ড দলে শুধু স্কটল্যান্ডে জন্ম নেওয়া খেলোয়াড়রাই খেলতে পারবে। ১৮৭২ সালে স্কটল্যান্ডের শীর্ষ ক্লাব দল ‘কুইন্স পার্ক’ অ্যালককের চ্যালেঞ্জ গ্রহণ করে। তখনো স্কটল্যান্ডের নিজস্ব ফুটবল সংস্থা ছিল না।
তারপর এল সেই দিন। ৩০ নভেম্বর ১৮৭২। প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ!
এই ম্যাচের জন্য পুরো স্কটল্যান্ড দলটি ছিল তাদের শীর্ষ ক্লাব কুইন্স পার্কের খেলোয়াড়দের দিয়ে গড়া। অধিনায়ক ছিলেন গোলরক্ষক রর্বাট গার্ডনার। খেলাটি হয়েছিল পশ্চিম স্কটল্যান্ড ক্রিকেট ক্লাবের মাঠ হ্যামিল্টন ক্রিসেন্টে। এভাবেই আন্তর্জাতিক ফুটবলের জন্ম হয়েছিল একটি ক্রিকেট মাঠে।
ইংল্যান্ড দলের খেলোয়াড় বাছাই করা হয়েছিল সে সময়ের ইংল্যান্ডের নয়টি ক্লাব থেকে। অ্যালককই খেলোয়াড় বাছাই করেছিলেন। খেলাটি প্রথমে বেলা দুইটায় শুরু হওয়ার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে শুরু হয়েছিল ২০ মিনিট দেরিতে। মাঠে ছিলেন চার হাজারের মতো দর্শক।
স্কটিশরা পরেছিল গাঢ় নীল রঙের জার্সি। ইংলিশদের জার্সি ছিল তাদের ঐতিহ্যবাহী সাদা রঙের। খেলা শুরু হওয়ার পর স্কটল্যান্ড দল বাড়তি সুবিধা পেতে শুরু করে। স্কটিশ দলের সব খেলোয়াড় কুইন্স পার্ক ক্লাবে একসঙ্গে খেলার কারণে তাঁদের মধ্যে দারুণ বোঝাপড়া ছিল। বিশেষ করে স্কটিশ ফরোয়ার্ড রবার্ট লেকি ড্রিবলিং স্কিল দিয়ে মাঠের দর্শকদের মুগ্ধ করেন। তাঁর বুদ্ধিদীপ্ত ফুটবলের কারণে  ইংলিশ রক্ষণ বেসামাল হয়ে পড়ে।

এ ছাড়া তাঁদের ডিফেন্ডার উইলিয়াম কের প্রায় মাঝ মাঠ থেকে বল নিয়ে ইংলিশ ডিফেন্সে পৌঁছে যান। বৃষ্টির কারণে মাঠ কর্দমাক্ত ছিল। তার পরও ছোটখাটো গড়নের স্কটিশ খেলোয়াড়েরা নিজস্ব বোঝাপড়ার মাধ্যমে ব্রিটিশ খেলোয়াড়দের চেয়ে ভালো খেলছিলেন। খেলার প্রথমার্ধে রেফারি  স্কটিশদের একটি গোল বাতিলও করেন।

ম্যাচের শেষভাগে জেগে ওঠে ইংলিশ অহংবোধ। ইংলিশরা স্কটিশ ডিফেন্সে চেপে বসে। কিন্তু স্কটিশরাও দক্ষতার সঙ্গেই সেই আক্রমণগুলো প্রতিহত করে। শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ড্রতেই শেষ হয়।