শুভ জন্মদিন 'চিরতরুণ' গিগস

কিছুদিন আগে একটা রেস্তোরাঁ খুলেছেন একসময়ের সতীর্থ গ্যারি নেভিলের সঙ্গে। ভেবেছিলেন, জুন থেকে সেখানে সময় দেবেন। আর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচিং স্টাফে তো আগেই যোগ দিয়েছিলেন। বুটজোড়া তুলে রাখার পর সেটাই হয়তো হতে পারত ধ্যানজ্ঞান। আপাতত এসব পরিকল্পনা-টল্পনা একদিকে সরিয়ে রাখতে হচ্ছে রায়ান গিগসকে। আজ ৪০ পুরো হচ্ছে ইউনাইটেড কিংবদন্তির, কিন্তু তাঁর ভাবনার চৌহদ্দিতে অবসর বলে কোনো শব্দ নেই। অন্তত পরশু চ্যাম্পিয়নস লিগে যেমন খেলেছেন, তাতে আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার কথা গিগস ভাবতেই পারেন!
গিগস সরবেই বলে যাচ্ছেন, চল্লিশে চালশে সবার পড়ে না। পরশু লেভারকুসেনের সঙ্গে দুর্দান্ত গিগসকে দেখলে কে বলতে পারত তাঁর বয়স ৪০ পুরো হবে আজ। গোল না পেলেও তরুণ জোন্স-রুনিদের সঙ্গে পাল্লা দিয়ে দাপিয়ে বেড়িয়েছেন পুরো মাঠ। কোচ ডেভিড ময়েস ম্যাচ শেষে বলে ফেলেছেন, ‘তাকে নিয়ে আমি এটাই বলতে পারি, ৪০ বছর বয়সীর মতো সে খেলে না। তাকে দেখলে মনেও হয় না তার বয়স ৪০। সে অসাধারণ এক খেলোয়াড়। তাকে স্টাফ হিসেবে পাওয়াটা আমার সৌভাগ্য। খেলোয়াড় হিসেবে পাওয়া তো বটেই। এখানে আসার পর ওকে আমি নতুনভাবে দেখছি। সে কতটা ভালো সেটা দেখেছি। এটা আসলেই অবিশ্বাস্য।’
জন্মদিনে অতীতের আয়নায় নিজেকে দেখলে গিগস স্মৃতিমেদুর হতেই পারেন। ২ মার্চ, ১৯৯১ সালে এভারটনের বিপক্ষে যখন তাঁর ইউনাইটেড অভিষেক, তখনো এই দলের জোন্স-ইয়ানুজাইদের জন্মই হয়নি। লেফট উইঙ্গার হিসেবে বছরের পর বছর বিভীষিকা ছড়িয়েছেন প্রতিপক্ষ রক্ষণে। দুর্দান্ত গতি, তীক্ষ বাঁ পা—নিজের সেরা সময়ে গিগস ছিলেন প্রিমিয়ার লিগের সেরাদের একজন। সবচেয়ে বড় কথা, বছরের পর বছর খেলে গেছেন অনন্য ধারাবাহিকতায়, দলের প্রতি প্রশ্নাতীত আনুগত্যে। ইউনাইটেডের হয়ে রেকর্ড ৯৫৩টি ম্যাচ খেলেছেন, আছে সম্ভাব্য সব অর্জনই। ক্যারিয়ারে শুধু ইংলিশ লিগই জিতেছেন ১৩ বার, যা আর্সেনালের শিরোপার সমান!
বয়সের সঙ্গে গতি কমেছে, তবে ক্ষুরধার ফুটবল-মস্তিষ্ক যেন আরও শাণিত হয়েছে। উইং থেকে সরে এখন খেলেন মধ্যমাঠে। কিন্তু একসময় তো সবাইকেই থামতে হয়। গিগস অবশ্য কদিন আগেই দেওয়া সাক্ষাৎকারে অবসর পরিকল্পনার কোনো আভাস দেননি, ‘হয়তো দলের জন্য আমি আরও অবদান রাখতে পারব। সেটা মৌসুম শেষ হলেই বোঝা যাবে। আর ৪০ হয়ে গেছে মানেই সবকিছু শেষ, ব্যাপারটা এমন নয়।’
সমসাময়িকদের প্রায় সবাই এখন ব্যস্ত খেলোয়াড়-পরবর্তী ক্যারিয়ারে। জানেত্তি, টট্টিদের মতো আর কজনই বা এখনো বিরুদ্ধ স্রোতে সাঁতরাচ্ছেন? আজ গিগসের জন্মদিন তাই প্রেরণা হতে পারে সেসব ফুটবলারের জন্য, বয়সকে যাঁরা নিতে পারেন স্রেফ একটা সংখ্যা হিসেবে। এএফপি, ওয়েবসাইট।