
আজ পাকিস্তানের বিপক্ষে চাপে থাকবে বাংলাদেশই—যথেষ্ট ভেবেচিন্তে বলছি কথাটা। সীমিত ওভারের ক্রিকেটে এই দুই দলের সর্বশেষ পাঁচটি মুখোমুখি লড়াইয়েই জয় পেয়েছে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে আজ আরও একটি জয় তুলে নেওয়ার প্রত্যাশাই চাপ তৈরি করবে ছেলেদের ওপর।
তবে আমি চাই, বাংলাদেশ উপলক্ষটাকে উপভোগ করুক। প্রায় ২৬ বছর পর আমরা কলকাতার ইডেন গার্ডেনের মতো একটা ঐতিহাসিক মাঠে খেলতে যাচ্ছি। পাকিস্তানের বিপক্ষে গ্যালারির দর্শক-সমর্থনও আমাদের দিকেই থাকবে। ওপার বাংলার বাঙালিদের সামনে ভালো খেলার তাড়নাটা আমাদের দলকে ভালো খেলতে উদ্বুদ্ধ করবে আশা করি।
পাকিস্তানের বিপক্ষে আমাদের সাম্প্রতিক রেকর্ড ভালো। কিন্তু এটা সম্পূর্ণ নতুন একটি ম্যাচ। এশিয়া কাপে যে পাকিস্তানকে আমরা দেখেছি, তার থেকে আজ একটু অন্য পাকিস্তানকেই দেখব বলে ধারণা। এই দলে যোগ দিচ্ছেন আহমেদ শেহজাদ—টি-টোয়েন্টি ফরম্যাটে খুবই বিপজ্জনক ব্যাটসম্যান। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের বিপক্ষে আজ জয়ের জন্য মরিয়া হয়েই মাঠে নামবে আফ্রিদির দল। ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে টানা পাঁচ ম্যাচ হারতে হয়েছে, এই ব্যাপারটিই তাদের তাতিয়ে তুলতে যথেষ্ট।
আজ বাংলাদেশের একাদশ নিয়ে নতুন পরিকল্পনা করা দরকার। সৌম্য ফর্মে নেই। ওর আত্মবিশ্বাস তলানিতে। কোচ চন্ডিকা হাথুরুসিংহে ওর জায়গায় মোহাম্মদ মিঠুনকে ওপেনিংয়ে নিয়ে আসতে পারেন। সৌম্যর এখন কিছুটা বিশ্রামও দরকার, এটা আমি আগের দিনই বলেছি।
মোহাম্মদ আমির পাকিস্তানের মূল অস্ত্র। ওর চারটি ওভার খুব গুরুত্বপূর্ণ। একটু দেখেশুনে এই ওভারগুলো পার করে দিতে পারলে খুব একটা চিন্তার কারণ নেই বলেই মনে হয়। এই আসরে বাংলাদেশের মিডল অর্ডার খুব বেশি পরীক্ষিত নয়। আজও ফর্মে থাকা তামিম ইকবাল ও সাব্বির রহমানকে মূল দায়িত্বটা নিতে হবে। সাকিবকে ওমানের বিপক্ষে বেশ ইতিবাচক মনে হয়েছে। ওই ছোট্ট ইনিংসটা দিয়েই সে ফর্মে ফিরল কি না, বোঝা যাচ্ছে না। তবে সাকিব নিজেকে ফিরে পেলে সেটা দারুণ এক পাওয়া হবে বাংলাদেশের জন্য।
আমি চাই মুশফিক আজকের ম্যাচটাকে চ্যালেঞ্জ হিসেবে নিক। মুশফিকের মতো ব্যাটসম্যানরা সাধারণত বড় মঞ্চে ভালো করে। ইডেন গার্ডেনের বিশাল ক্যানভাসটাকেই মুশফিক নিজেকে ফিরে পাওয়ার ক্ষেত্র হিসেবে বেছে নিতে পারে। আর মাহমুদউল্লাহ যে মিডল অর্ডারে আমাদের ভরসার প্রতীক হয়ে উঠেছে, সেটা নতুন করে না বললেও চলে।
মুস্তাফিজুর রহমানকে এ ম্যাচে বাংলাদেশ ফিরে পাচ্ছে কি না, তা এখনই বলতে পারছি না। তবে আমি মুস্তাফিজকে নিয়ে কোনো প্রকার তাড়াহুড়োর ঘোর বিরোধী। আমি বলব, মাঠে নামার সিদ্ধান্তটা মুস্তাফিজ নিজেই নিক। সে যদি নিজেকে সম্পূর্ণ ফিট মনে করে, তবেই তাকে খেলানো উচিত।
দিনের আলোয় খেলা বলে আজ চার পেসার নিয়ে খেলতেই পারে বাংলাদেশ। নতুন বলের ব্যবহার অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। প্রথম একাদশটা তাই উইকেটের চরিত্র বুঝেই করা উচিত।
সব শেষে চাওয়া একটাই—ইডেনে ফেরাটা শুভ হোক বাংলাদেশের।