প্রথাগত বাঁহাতি স্পিনার বলতে যা বোঝায়, সোহরাওয়ার্দী সেটার আদর্শ উদাহরণ। ওর আদর্শ ড্যানিয়েল ভেট্টোরি। ভেট্টোরির মতোই ও বৈচিত্র্য রাখতে ভালোবাসে। ফ্লাইট দেয়, টার্ন করায়শান্ত-সুস্থির। একগাল দাড়ি। বয়সের তুলনায় অনেক বেশি গম্ভীর। তবে মাঝেমধ্যে কৈশোরের চাঞ্চল্যও ঠিকই উঁকি দিয়ে যায়। ব্যক্তি সোহরাওয়ার্দী এখন এমন, ‘শুভ’র সঙ্গে যার অনেক পার্থক্য।সোহরাওয়ার্দীকে আমরা শুভ নামেই চিনতাম। অনেক আগে থেকেই। মাত্রই গত বছর জাতীয় দলে অভিষেক হলেও ঢাকার ক্রিকেটে সোহরাওয়ার্দী কিন্তু অনেক দিন ধরে খেলছে। জাতীয় লিগেও খেলেছে। বিকেএসপির ছাত্র ছিল। ‘ছাত্র’ ছিল রিচার্ড ম্যাকিন্সের হাইপারফরম্যান্স ইউনিটেরও। ‘শুভ’কে তাই অনেক দিন থেকেই চিনি।শুভকেই, কারণ সোহরাওয়ার্দীর সঙ্গে ওই ‘শুভ’র অনেক পার্থক্য। বিকেএসপিতে আমরা ক্যাম্প করতে গেলে হাইপারফরম্যান্স ইউনিটের অনেকের সঙ্গেই দেখা হতো, কথা হতো। সোহরাওয়ার্দী তো এমনিতেই জাতীয় দলের ভবিষ্যৎ অলরাউন্ডার হিসেবে বিবেচিত হচ্ছিল অনেক দিন থেকেই। ওকে দেখতাম, বেশ হইচই করছে। মজা করতে খুব ভালোবাসত। ওর জীবনের অক্সিজেনই যেন ছিল আনন্দ-ফুর্তি।সেই সোহরাওয়ার্দী পাল্টে গেছে। এখন অনেক সুস্থির। ধর্মেও মন দিয়েছে। এটা ওর জন্য ভালোই হয়েছে। আপনি যতই প্রতিভাবান হোন না কেন, ব্যক্তিজীবনে সুস্থির-শৃঙ্খলাপরায়ণ হওয়া চাই।আমাদের জাতীয় দলের বেশির ভাগ ক্রিকেটারের চেয়ে ওর পার্থক্য, ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে খেলার অভিজ্ঞতা। ওর বয়স মাত্র ২২ বছর হলে কী হবে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে খেলার অভিজ্ঞতা ঝুলিতে পুরেই ও আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছে। বয়সভিত্তিক দলেও অনেক দিন খেলার অভিজ্ঞতা আছে। ও দুটো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও খেলেছে।সোহরাওয়ার্দীকে আমি আসলে শুরুর দিকে ‘জেনুইন অলরাউন্ডার’ হিসেবেই চিনতাম। ফার্স্ট ক্লাস ক্রিকেটেও ওর সেঞ্চুরি-ফিফটি আছে। কিন্তু জাতীয় দলে দেখলাম, ও আসলে খেলছে বাঁহাতি স্পিনার হিসেবে।কোনো এক অজানা কারণে বাংলাদেশে প্রতিভাবান বাঁহাতি স্পিনারের সংখ্যা অনেক, রাশি রাশি। এই দলেও যেমন রাজ্জাক-সাকিব আছে। এই দুজন থাকার পরও তৃতীয় আরেকজন বাঁহাতি স্পিনার হিসেবে জাতীয় দলে জায়গা করে নেওয়া মোটেও সহজ কাজ ছিল না। কিন্তু সোহরাওয়ার্দী এতটাই ধারাবাহিক ছিল ঘরোয়া ক্রিকেটে, জাতীয় দলের দরজা ওর জন্য খুলে দিতে বাধ্যই হয়েছেন নির্বাচকেরা। কিন্তু জাতীয় দলে নিজের জায়গা পাকা করে নিতে হলে ওকে আরও বেশি প্রমাণ দিতে হবে নিজের যোগ্যতার।ওর অভিষেক ম্যাচটার কথাই ধরুন। গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচটাতে সোহরাওয়ার্দীকে সাকিব ব্যবহার করেছিল সাত নম্বর বোলার হিসেবে!সোহরাওয়ার্দী নিজের জাত চিনিয়েছে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা সিরিজের তৃতীয় ম্যাচটায়। ওই ম্যাচে ওর বোলিং বিশ্লেষণ দেখুন: ১০-২-১৪-৩! সেটি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে রাজ্জাক-সাকিবের বোলিং বিশ্লেষণ দেখলে। ওই ম্যাচে রাজ্জাকের ইকোনমি রেট ছিল ৪.৭০, সাকিবের ৫.০০; আর সোহরাওয়ার্দীর ১.৪০!সোহরাওয়ার্দী বুঝিয়ে দিয়েছে, সুযোগ পেলে সে আস্থার প্রতিদান দিতে পারবে। বিশ্বকাপে ওকে কীভাবে ব্যবহার করা হবে জানি না। একই ম্যাচে তিনজন স্পিনার খেলানো উচিত কিনা, এ নিয়েও একটা আলোচনা শুরু হয়ে গেছে। এ ব্যাপারে আমি দুটো কথা বলব। ২০০৭ বিশ্বকাপে আমাদের সাফল্যের মূলে ছিল তিনজন বাঁহাতি স্পিনার। রফিক-রাজ্জাক-সাকিব। আপনার যদি মূল অস্ত্র স্পিনাররা হয়, আপনি তো সেটাই বেশি ব্যবহার করবেন। আমাদের যদি তিনজন দারুণ ফাস্ট বোলার থাকত, আমরা কি তিনজনকেই ব্যবহার করতাম না?হ্যাঁ, বোলিং আক্রমণের বৈচিত্র্য নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে। সে ক্ষেত্রে আমার দ্বিতীয় জবাবটি হচ্ছে, আমাদের এই তিনজন স্পিনারই কিন্তু বৈশিষ্ট্যের দিক দিয়ে তিন রকম। রাজ্জাক যেমন জোরের ওপর বল করে, ভেতরে ঢুকে আসা বল ওর মূল অস্ত্র, সাকিব রাজ্জাকের মতো কিছুটা, কিন্তু একটু ফ্লাট।সোহরাওয়ার্দী কিন্তু একেবারেই আলাদা। প্রথাগত বাঁহাতি স্পিনার বলতে যা বোঝায়, ও সেটার আদর্শ উদাহরণ। ওর আদর্শ ড্যানিয়েল ভেট্টোরি। ভেট্টোরির মতোই ও বৈচিত্র্য রাখতে ভালোবাসে। ফ্লাইট দেয়, টার্ন করায়। আমার প্রথম দেখা সোহরাওয়ার্দীর চেয়ে এই সোহরাওয়ার্দীর বোলিং অ্যাকশনও একটু আলাদা। ওর রানআপে পরিবর্তন এসেছে। আগের চেয়ে একটু বেশি রানআপ নিয়ে বল করে।দলে তিন স্পিনার থাকবে কিনা, সেটি নির্ভর করবে ম্যাচের কন্ডিশন, প্রতিপক্ষের স্পিনে শক্তি-দুর্বলতার বিশ্লেষণ করার ওপর। সোহরাওয়ার্দীকে তাই বলব, যখনই সুযোগ পাবে, ও যেন নিজেকে প্রমাণ করে দেয়। সামনে তো ওর অফুরন্ত ভবিষ্যৎ। সাকিব-রাজ্জাককে ছাপিয়ে এক নম্বর স্পিনার হওয়ার স্বপ্নও সে দেখতে পারে।তবে শুধু স্পিনার নয়, আমি ওকে জেনুইন অলরাউন্ডার হিসেবেই দেখতে চাই। আন্তর্জাতিক মঞ্চে ও কিন্তু নিজের ব্যাটিং-প্রতিভার ছাপ এখনো রাখতে পারেনি। ঘরোয়া ক্রিকেটে দেখেছি, অধিনায়কেরা ওকে মিডল-অর্ডার, লোয়ার-অর্ডার সবখানে অবলীলায় ব্যবহার করেছে। আন্তর্জাতিক পর্যায়েও ওর ব্যাটিংটা আমাদের দরকার।