
৩১ রানে সহজ ক্যাচ দিয়েও বেঁচে যাওয়ার পর আগের রাতে ইমরুলকে ফোন দিয়েছিলাম। বললাম, ‘তুই তো স্যার গ্যারি সোবার্স হয়ে গেছিস, শেষবেলায়ও ছক্কা মারতে গেলি!’ লজ্জা পেয়ে ও বলেছিল, এর পর থেকে বল নিচে রেখে দেখেশুনে খেলার চেষ্টা করবে। ভালো লাগছে যে ইমরুল কথা রেখেছে। হ্যাঁ, ও হয়তো সেঞ্চুরি নাও পেতে পারত। নব্বইয়ে গিয়ে ভাগ্যের ছোঁয়াও পেয়েছে। কিন্তু আজ (কাল) সত্যিই দেখেশুনে খেলেছে। প্রথম টেস্ট সেঞ্চুরির জন্য ইমরুলকে অভিনন্দন।
ইমরুলের ফেরার সঙ্গে মিলে গেল শুভর (শামসুর রহমান) শুরু। ১৬ টেস্ট খেলেও সেঞ্চুরিহীন ইমরুল ছিটকে পড়েছিল। শুভ সেখানে সেঞ্চুরি পেল দ্বিতীয় টেস্টেই। শুভর জাতীয় দলে আস্তে আস্তে জায়গা করে নেওয়াটা দারুণ। টি-টোয়েন্টি দিয়ে শুরু করে ওয়ানডে হয়ে টেস্ট। সব সংস্করণেই শুরুতে ভালো করেছে। তবে টেস্ট সেঞ্চুরির স্বাদটা নিশ্চয়ই ওর কাছে মধুরতম। শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে শুরুতেই টেস্ট সেঞ্চুরি পাওয়া ওকে যেমন আত্মবিশ্বাসী করে তুলবে, তেমনি বুঝতে পারবে টেস্ট ইনিংস কীভাবে গড়ে তুলতে হয়। শুরুতে ভালো করলে খ্যাতির একটা বিড়ম্বনা এসে যায়। বেড়ে যায় প্রত্যাশা। এই চাপটা সামলানো গুরুত্বপূর্ণ। অভিনন্দনের সঙ্গে শুভর জন্য থাকল শুভকামনাও।
ইমরুলকে আমি জাতীয় দলে দেখেছি, দেখেছি খুলনা দলেও। প্রথম ১৬ টেস্টে মাত্র একটি ফিফটি করার পর বাদ পড়েছিল। তাঁর গড় মাত্র ১৭ থাকলেও ইমরুল বাজে শটে আউট হয়েছে কমই। এমনও মনে হয়নি যে টেস্ট ক্রিকেটে মানিয়ে নিতে পারছে না। আমি দেখেছি স্টেইন-মরকেলদের বিপক্ষেও খুব একটা সমস্যা হয়নি ওর। ওই সময় অনেকবারই নতুন বলটা কাটিয়ে দিতে পেরেছে। ওপেনিংয়ে নার্ভাসনেস থেকে অনেক সময় অনেকে দ্রুত রান করতে থাকে। ইমরুল কিন্তু সেটা করেনি, তার মানে ব্যাটিংটা ওর নিয়ন্ত্রণেই ছিল। শুধু শুরুগুলোকে কাজে লাগাতে পারেনি। গত কিছুদিনে ঘরোয়া ক্রিকেটে অনেক রান করেছে। এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী লাগছে। দলে ফিরে প্রথম ইনিংসেই রান পাওয়ায় ওর চাপটা কমে গেল।
দুজনের সেঞ্চুরি দেখে যতটা খুশি হয়েছি, ততটাই হতাশ হয়েছি আউটের ধরনে। টেস্টে বড় ইনিংস খেলার সুযোগ প্রতিদিন আসে না। ওদের ধারেকাছেই যে ফিল্ডিং করছিল, সেই লোকটির (কুমার সাঙ্গাকারা) কাছ থেকে এখানে অনেক শেখার আছে। তিন শ করতে একটি ঝুঁকির শটও খেলেনি সাঙ্গা! শেষ দিকে উইকেট হাতে না থাকায় মেরে খেলেছে, কিন্তু তখনো স্লগ করেনি, ক্রিকেটিং শটেই ছয় মেরেছে। ওদের একজন টিকে থাকলে হয়তো দলও দিন শেষে অনেক ভালো অবস্থায় থাকত। তবে দুজনের সেঞ্চুরির কৃতিত্ব তাতে কমছে না। একজনের মাত্রই শুরু, আরেকজন ফিরেছে। আশা করি, দ্রুতই শিখবে ওরা।