এমন দাপুটে জয়ের পর একটা টার্নিং পয়েন্ট খুঁজে বের করা খুব মুশকিল। এক কথায় বলতে হয়, ম্যাচ ঘুরিয়ে দিয়েছে শুভর (সোহরাওয়ার্দী) বোলিং। বিশেষ করে ড্যানিয়েল ভেট্টোরিকে শুভর আউট করাটাই ম্যাচের নিয়ন্ত্রণ এনে দিয়েছে।ম্যাচ আমাদের মুঠোয় ঢুকতে শুরু করেছে ব্রেন্ডন ম্যাককালাম আউট হওয়ার পর থেকেই। প্রথম ওভারেই শফিউল ওকে ফিরিয়ে দেওয়ায় আমাদের স্পিনাররা দারুণ আক্রমণ করতে পেরেছে। তিন স্পিনারই দুর্দান্ত করেছে; তবে শুভর ভূমিকা অসামান্য।আমার কাছে মনে হয়েছে, নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা আসলে সাকিবকে টার্গেট করেছিল। ওকে উইকেট দেবে না প্রতিজ্ঞা করে খেলতে নেমে শুভকে আর সামলাতে পারেনি। শুভর বোলিংয়েও একটু নতুনত্ব চোখে পড়ল। ও মনে হয় রানআপটা একটু বড় করেছে; যেটা ওর বোলিংকে আরও কার্যকর করেছে। মোটা দাগে শুভর বোলিংকে টার্নিং পয়েন্ট বলছি। কারণও আছে, ও-ই বারবার বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছে। রাইডারকে আউট করে এবং ব্যাটিং পাওয়ার প্লের ওভারটাতে ৩ রান দিয়ে দুবার ম্যাচে নিয়ন্ত্রণ এনে দিয়েছে। তবে সেরা কাজটা করেছে ভেট্টোরিকে আউট করে। নিউজিল্যান্ড দলে রস টেলরের পর স্পিন সবচেয়ে ভালো খেলে ভেট্টোরি। টেলর যথারীতি ৬২ রান করে অপরাজিত ছিল। এখন চিন্তা করুন, ভেট্টোরি যদি সঙ্গে থেকে যেত, কী হতো!হ্যাঁ, ভেট্টোরির উইকেটটা খানিকটা উপহার হিসেবে পেয়েছি আমরা। কিন্তু পেয়েছি তো। সেটা না হলেই ওরা ইনিংসটা আরও লম্বা করে ফেলত এবং পাওয়ার প্লেটা হয়তো আরও পরে নিত। সে ক্ষেত্রে ওদের স্কোরটা ২০০ পার হয়ে যাওয়া খুব সম্ভব ছিল। শুভকে ধন্যবাদ, সেটা হতে দেয়নি।