শুমাখারকে নিয়ে মিথ্যা খবর!
আর কয়েক দিন পরই ফরাসি আল্পসে সেই ভয়াবহ দুর্ঘটনার দুই বছর পূর্ণ হবে। যে দুর্ঘটনায় বাকরুদ্ধ হয়ে গেছেন মাইকেল শুমাখার। অসাড় দেহ নিয়ে শয্যাশায়ী হয়েছেন। ২৯ ডিসেম্বর মর্মান্তিক সেই ঘটনার দুই বছর পূর্তির আগে শুমাখার শুভাকাঙ্ক্ষীদের জন্য একটা সুখবরই দিয়েছিল জার্মান সাময়িকী বুন্টা। জার্মানির সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফর্মুলা ওয়ান চালক আবার হাঁটতে পারছেন—সাময়িকীতে প্রকাশিত খবরটা ছিল এমনই। ‘তিনি আবার নড়াচড়া করতে পারছেন’ শিরোনামে প্রথম পাতায় ছাপা সাময়িকীটির খবরে বলা হয়েছে, শুমাখার ভালো হয়ে উঠছেন। আবার নড়াচড়া করতে পারছেন। নার্সদের সাহায্য নিয়ে তিনি পা-ও ফেলতে পারছেন!
খবরটি বেশ আলোড়ন তোলে বিশ্বব্যাপী। দূরদূরান্তের শুমাখার-ভক্তরা খুব খুশি হন এতে। কিন্তু তাদের সেই খুশি বেশি সময় স্থায়ী হয়নি। কারণ খবরটি অনুমাননির্ভর বলে দাবি করেছে শুমাখারের পরিবার। ‘দুর্ভাগ্য, পত্রিকায় প্রকাশিত সাম্প্রতিক একটি খবরের ব্যাখ্যা দিতে হচ্ছে আমাদের। শুমাখার আবারও নড়াচড়া করতে পারছেন বলে যে খবর হয়েছে সেটি সত্যি নয়। এমন গুজব ছড়ানো দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়কও। কারণ শুমাখারের চোটের যে ভয়াবহতা, তার জন্য গোপনীয়তা দরকার। দুর্ভাগ্য, শুমাখারের সঙ্গে জড়িত মানুষদের তারা মিথ্যা আশ্বাস দিয়েছে’—বললেন শুমাখারের ম্যানেজার সাবিনা কেম। আইএএনএস।