শুমাখারের অবস্থা স্থিতিশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শঙ্কা এখনো কাটেনি। পুরোপুরি বিপদমুক্ত হয়েছেন, এ কথাও বলা যাবে না। তবে তিন দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়তে থাকা মাইকেল শুমাখারের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে গতকাল। তাঁর ম্যানেজার সাবিনা কেমের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য মিরর জানিয়েছে, শুমাখারের অবস্থা আপাতত স্থিতিশীল।
ফ্রেঞ্চ আলপস পর্বতমালায় স্কি করতে গিয়ে গত রোববার প্রাণঘাতী দুর্ঘটনার কবলে পড়েন রেকর্ড সাতবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন। অচেতন শুমাখারকে হেলিকপ্টারে করে গ্রেনোবেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুটি জটিল নিউরোসার্জিক্যাল অস্ত্রোপচারের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। তবে মঙ্গলবার সারা রাত তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখার পর উন্নতির কিছুটা লক্ষণ দেখতে পাওয়া যায়।
গত বছরের অক্টোবরে ফর্মুলা ওয়ান থেকে অবসর নেওয়া এ জার্মান কিংবদন্তির স্ত্রী দুই সন্তানকে নিয়ে রয়েছেন হাসপাতালে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁকে সাহায্য করতে সম্ভাব্য সব রকম চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসকেরা। সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া অগুনতি শুভকামনার জন্য ধন্যবাদ জানানো হয়েছে শুমাখারের শুভাকাঙ্ক্ষীদেরও। ওয়েবসাইট।