শুমাখারের অবস্থার কিছুটা উন্নতি

স্কি করতে গিয়ে মারাত্মক আহত হওয়া সাতবার ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন মাইকেল শুমাখারের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তিনি এখনো বিপদমুক্ত নন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিত্সকেরা। মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় সোমবার গভীর রাতে দ্বিতীয় দফায় অপারেশন চালানো হয় তাঁর মস্তিষ্কে। গ্রেনোবলের চিকিত্সক জাঁ ফ্রাঁসোয়া পায়াঁ এক সংবাদ সম্মেলনে জানান, ‘গতকালের তুলনায় তাঁর অবস্থা কিছুটা ভালো। কিন্তু আমরা বলতে পারছি না যে তিনি শঙ্কামুক্ত।’
রোববার সকালে ফ্রান্সের আল্পস পর্বতের পাদদেশে মেরিবেল রিসোর্টে শখ করে স্কি করতে গিয়েছিলেন। পাথর খণ্ডের সঙ্গে ধাক্কা লাগায় প্রচণ্ড আঘাত পেয়েছেন মাথায়। মস্তিষ্কে গুরুতর জখম হয়েছে। দুর্ঘটনার ১০ মিনিটের মধ্যেই পর্বত পুলিশ হেলিকপ্টারে করে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের গ্রেনোবলের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁর চিকিত্সা চলছে।
ফেরারির ড্রাইভিং সিটে বসে শুমাখার জিতেছেন রেকর্ড সাতবার ফর্মুলা ওয়ানের বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট। রেকর্ড ৯১টি প্রতিযোগিতায় জিতে ড্রাইভিং ইতিহাসে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অন্য উচ্চতায়। রয়টার্স।