শুমাখারের জন্য কোটি টাকা!

জেনেভা হ্রদের পাড়ে বিশাল জায়গা নিয়ে বাড়িটা। সবকিছু ছবির মতো সাজানো সেখানে। প্রাসাদোপম সেই বাড়ির একটা অংশে গেলে এখন চমকে যাবেন। রীতিমতো ছোটখাটো একটা হাসপাতালই যেন। জনা পনেরো ডাক্তার, নার্সের নিরন্তর ছোটাছুটি। কার জন্য এই চিকিৎসার আয়োজন? এটাই ফর্মুলা ওয়ান কিংবদন্তি মাইকেল শুমাখারের বাড়ি, আর এখানেই চলছে তাঁর চিকিৎসা।
মাত্র দুই সপ্তাহ আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে এসেছেন। তবে নয় মাস আগে স্কি দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পাওয়া শুমাখার এখনো সেরে ওঠেননি। সামান্য জ্ঞান আছে, কিন্তু হাত-পা নাড়তে বা কথা বলতে পারেন না। শুধু চোখেই একটু সাড়া দিতে পারেন। লুসানের ক্লিনিকের একদল চিকিৎসক এখন দেখছেন সাতবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নকে। প্রতি সপ্তাহে তাঁর চিকিৎসাবাবদ খরচ হচ্ছে প্রায় ১ কোটি ২৬ লাখ টাকা!
বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন, শুমাখারকে বাড়িতে এনে রাখা হয়েছে এটি ভেবে যে পরিচিত পরিবেশ তাঁকে স্বাভাবিক অবস্থায় ফিরতে সাহায্য করবে। এই মুহূর্তে পুরো পরিবারকেই পাশে পাচ্ছেন শুমি। স্ত্রী কোরিনা ও দুই সন্তান মিক ও জিনা মেরি তো সব সময় সঙ্গে আছেনই। বাবা রোলফও পাকাপাকিভাবে শুমাখারের পাশে থাকার জন্য জার্মানি থেকে চলে আসার পরিকল্পনা করেছেন। এএনআই।