শুমাখারের স্ত্রীর আবেদন
বিখ্যাত হওয়ার যন্ত্রণা বোধ হয় এটাই। মৃত্যুমুখে গিয়েও রেহাই মেলে না সংবাদমাধ্যমের কাছ থেকে!
মাইকেল শুমাখারের কথাই ধরুন। স্কি করতে গিয়ে দুর্ঘটনার পর ১০ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এদিকে ঘণ্টায় ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থা জানতে আগ্রহী সংবাদমাধ্যমের ভিড় সামলাতে হচ্ছে পরিবার ও হাসপাতালের চিকিত্সকদের। বিরক্ত হয়েই হয়তো শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেল শুমাখারের পরিবারের। কাল তাই এক বিবৃতিতে তাঁর স্ত্রী করিনা সংবাদমাধ্যমকে অনুরোধ করেছেন এ বিড়ম্বনা থেকে মুক্তি দিতে, ‘দয়া করে শুমাখারের জন্য আমাদের লড়াইয়ে সমর্থন দিন। আমার জন্য খুব ভালো হবে আপনারা যদি চিকিত্সকদের চাপ না দিয়ে ওদের মতো কাজ করতে দিন।’ ‘সংবাদমাধ্যমের প্রতি’ শিরোনামের এ বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের কথার ওপর আস্থা রাখুন এবং হাসপাতাল ত্যাগ করুন। আমাদের পরিবারকে শান্তিতে থাকতে দিন।’ এদিকে অন্য এক বিবৃতিতে করিনাকে সমর্থন করেছে জার্মান সাংবাদিক সংস্থাও। সাংবাদিকদের আচরণবিধি মেনে চলার পাশাপাশি শুমাখারের পরিবারের অনুভূতিকেও সম্মান জানানোর অনুরোধ জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।
গত ২৯ ডিসেম্বর আল্পস পর্বতে স্কি করতে গিয়ে মাথায় আঘাত পাওয়া শুমাখার এখনো অচেতন ফ্রান্সের গ্রেনোবেল হাসপাতালে। পারিবারিক সূত্র জানিয়েছে, কিছুটা উন্নতির লক্ষণ দেখা গেলেও এখনো শঙ্কামুক্ত নন তিনি। এএফপি।