শুরু আর শেষে এমন অমিল!
বিশ্বকাপের সেমিফাইনাল খেলা দল, কিন্তু বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রহকারীর তালিকার সেরা বিশে নেই কোনো পাকিস্তানি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাটিং ভালোই হলো। কিন্তু পরের তিন ম্যাচে আবার বেরিয়ে এল পাকিস্তানের সেই ব্যাটিং-দৈন্য। তৃতীয় ম্যাচে ১৭১ তাড়া করতে নাভিশ্বাস উঠে গেল শহীদ আফ্রিদির দলের। পরের ম্যাচে মোহাম্মদ হাফিজ একাই ১২১ রান করার পরও আড়াই শ হয়নি দলের রান। পরশু শেষ ম্যাচে তো গুটিয়ে গেল ১৩৯ রানেই। প্রথম তিন ম্যাচেই সিরিজ জিতে নেওয়া দল সিরিজ শেষ করল ১০ উইকেটে হেরে!সিরিজ জিতেও তাই শহীদ আফ্রিদি উদ্বিগ্ন, ‘সিরিজের শেষটা খুবই হতাশাজনক হলো, কারণ উইকেট মোটেও ১৩৯ রানে গুটিয়ে যাওয়ার মতো ছিল না। ব্যাটিংটা অনেক দিন ধরেই আমাদের ভোগাচ্ছে। আমার ধারণা, এমন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কাউকে আমাদের দরকার। উইকেট দেখে টিম ম্যানেজমেন্ট ও আমি চেয়েছি আগে ব্যাটিং করতে। এ জন্যই আমি টস জিতে ব্যাটিং নিয়েছিলাম। কিন্তু আমরা ভালো ব্যাটিং করতে পারিনি।’ আপাতত কিছুদিন অবশ্য এসব নিয়ে চিন্তা করতে হবে না আফ্রিদিকি। ভাবনা এখন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হকের। ১২ মে গায়ানায় শুরু দুই ম্যাচের টেস্ট সিরিজ।শীর্ষ কয়েকজন ক্রিকেটারের বাদ পড়া, হাজারো বিতর্ক, প্রথম ৩ ম্যাচ হেরে হোয়াইটওয়াশের শঙ্কা—এত কিছুর মাঝেও শেষ দুই ম্যাচ যেভাবে জিতল, ওয়েস্ট ইন্ডিজকে কৃতিত্ব দিতেই হবে। সিরিজ হেরেও তাই ড্যারেন স্যামির কণ্ঠে উচ্ছ্বাস, ‘শেষ দুই ম্যাচে আমরা একটা দল হিসেবে খেলতে পেরেছি, ফলও পেয়েছি। এমন পারফরম্যান্সই দলের কাছে অনেক দিন ধরে আশা করে আসছি। সবাইকে অবদান রাখতে দেখে ভালো লাগছে, এই জয় পুরোটাই দলীয় প্রচেষ্টার ফসল।’সিরিজ শুরুর আগে লেন্ডল সিমন্স বলেছিলেন, ‘আমি এখন অনেক পরিণত, সিরিজে এর প্রমাণ দিতে চাই।’ শেষ ম্যাচে অপরাজিত ৭৭ করে ম্যাচসেরা, সিরিজে সর্বোচ্চ রান, প্রমাণ ভালোভাবেই দিয়েছেন সিমন্স। এমন পারফরম্যান্সের জন্য কৃতজ্ঞতা জানালেন ব্যাটিং উপদেষ্টা ডেসমন্ড হেইন্সকে। আর মোহাম্মদ হাফিজ কৃতজ্ঞতা জানিয়েছেন খারাপ সময়ে যাঁদের সমর্থন পেয়েছেন, তাঁদের। দ্বিতীয় সর্বোচ্চ ২৬৭ রান আর ৬ উইকেট নিয়ে সিরিজ-সেরা হাফিজ। এএফপি, রয়টার্স।