শুরু আর শেষে ফেদেরার, বাকিটা নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাদাল, নাদাল আর নাদাল। ২০১০ সালের পুরুষ টেনিসের দিকে ফিরে তাকালে শুধু চোখে পড়ছে একটাই নাম—রাফায়েল নাদাল। ২০০৯-এর ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে নব আনন্দের আগুন এ বছর জ্বালিয়েছেন মায়োর্কার টেনিস যুবরাজ। বছরের শেষ তিনটি গ্র্যান্ড স্লাম শিরোপাই জিতেছেন। ফিরে পেয়েছেন র‌্যাঙ্কিং শীর্ষের মুকুটও। ২০১০, ‘রাফা’র ইতিহাস গড়ার বছর।গত কয়েক বছরের সালতামামি মন দিয়ে পড়ে থাকলে, কিংবা স্মৃতিতে এখনো যদি সময়ের মরচে না-পড়ে থাকে আপনার, নিশ্চয়ই মনে আছে, টেনিসের বর্ষপরিক্রমা মানেও রজার ফেদেরার আর রাফায়েল নাদাল। কিন্তু ফেদেরার ছিলেন বইয়ের কাভারের মতো। কেবল শুরু আর শেষে। বছর শুরুর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন, বছর শেষের এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসও। বাকি উপন্যাসের পুরোটা জুড়ে নাদাল।বছরের শুরুটা কিন্তু হতাশা দিয়েই হয়েছিল নাদালের জন্য। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে ম্যাচ শেষ করতে পারেননি। তৃতীয় সেটের মাঝপথে খেলা ছেড়ে দিতে বাধ্য হন। সেই পুরোনো হাঁটুর চোট, ২০০৯ সালেও যেটি তাঁকে ভুগিয়েছে। ওই বছর উইম্বলডনে শিরোপা ধরে রাখার মিশনে নামতে পারেননি। এ বছরের শুরুটাও হলো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাটা সমর্পণ করে দিয়ে। দুই মাসের জন্য কোর্টের বাইরেই ছিটকে গেলেন। র‌্যাঙ্কিংয়ে একসময় নেমে গেলেন তিনে।শুরুর এই হতাশা মুছে ফেলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন নাদাল। উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেন জয়ের পর অধরা ইউএস ওপেনের শিরোপাটিও মুঠোয় পুরেছেন। ইতিহাসে মাত্র সপ্তম এবং বয়সের দিক দিয়ে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে পূর্ণ করেছেন ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম।রোলাঁ গারোঁয় যে রাজত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে যাচ্ছেন, সেই আভাস মিলেছিল আগেই। মাটির কোর্টের টানা তিনটি মাস্টার্স টুর্নামেন্ট জিতেছেন—মন্টে কার্লো, রোম আর মাদ্রিদ ওপেন। ভাগ্যই যেন তাঁকে শোধ তোলার সুযোগ করে দিতে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে দাঁড় করিয়ে দিল রবিন সোদারলিংয়ের সামনে। যে সোদারলিং আগের বছর চতুর্থ রাউন্ডে নাদালকে হারিয়ে দিয়েছিলেন তাঁর প্রিয় আঙিনায়। ফাইনালে দাঁড়াতেই পারলেন না সোদারলিং (৬-৪, ৬-২, ৬-৪)।উইম্বলডনের ফাইনালে অপ্রত্যাশিত প্রতিপক্ষ হিসেবে নাদাল পেয়েছিলেন টমাস বার্ডিচকে। দ্বিতীয় সেটে যৎসামান্য প্রতিরোধ গড়া ছাড়া বার্ডিচও অসহায় আত্মসমর্পণই করলেন (৬-৩, ৭-৫, ৬-৪)। কেবল ইউএস ওপেন জিততে একটা সেট বেশি খরচ করতে হয়েছে। নোভাক জোকোভিচকে হারিয়েছেন ৬-৪, ৫-৭, ৬-৪, ৬-২ গেমে। বছরের সারাংশটা তাই নাদালের এই মন্তব্যেই হয়ে যাচ্ছে, ‘আমার জন্য এটা ছিল খুবই আবেগময় একটা মৌসুম।’নাদাল যখন বিজয় কেতন ওড়াচ্ছেন, ফেদেরার তখন পতনের মুখে। সকাল সব সময় দিনের পূর্বাভাস দেয় না, সেটি ততক্ষণে বোঝা হয়ে গেছে তাঁর। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর আরেকটি শিরোপা জিততে ফেদেরারকে অপেক্ষা করতে হলো আগস্ট পর্যন্ত। সিনসিনাটি ওপেন জেতার পর এ বছর আর তিনটি শিরোপা জিতেছেন। তবে ২০১১-এর জন্য তাঁকে নবপ্রেরণা দিয়েছে নাদালকে হারিয়ে জেতা মৌসুম-সমাপক ট্যুর ফাইনালসের শিরোপা।৬৬টি শিরোপা জয়ী ২৯ বছর বয়সী তাই বলতে পারছেন, ‘থেমে যাওয়া, অবসর নেওয়া—যা-ই বলুন, এসব নিয়ে আমি মোটেও ভাবছি না। আমি আশা করি, আরও অনেক বছর খেলতে পারব। আমি এটা উপভোগই করি। বিশ্বময় ঘুরতে, সেরাদের বিপক্ষে খেলতে, নিজেই নিজেকে চ্যালেঞ্জ জানাতে আমার ভালো লাগে।’কী নিয়ে অপেক্ষা করছে ২০১১? সম্ভবত ফেদেরার-নাদাল দ্বৈরথের নতুন অধ্যায় নিয়েই। এএফপি।