
মাঠের পারফরম্যান্স যা-ই বলুক, মার্ক উইলমটস জানেন, কোয়ার্টার ফাইনালে তাঁর দল ফেবারিট নয়। প্রতিপক্ষ দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে বেলজিয়ামের সর্বোচ্চ সাফল্য ১৯৮৬ বিশ্বকাপে চতুর্থ স্থান। ঐতিহ্যে আর্জেন্টিনার অনেক পেছনে । পিছিয়ে সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়েও। হেভিওয়েট আর্জেন্টিনাকে হারাতে তাই অন্য কৌশল বেছে নিয়েছেন বেলজিয়ান কোচ। মাঠে নামার আগেই নেমেছেন মনস্তাত্ত্বিক লড়াইয়ে। মেসিনির্ভর ও ভারসাম্যহীন দল বলে কথার তির ছুড়েছেন আর্জেন্টিনার দিকে।
টানা চার ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠলেও আর্জেন্টিনাকে নিয়ে সমালোচনার কমতি নেই। গ্রুপের তিনটি ম্যাচেই গোল করে আর্জেন্টিনাকে বাঁচিয়েছেন লিওনেল মেসি। পরশু দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের বিপক্ষে নিজে গোল না পেলেও ডি মারিয়াকে দিয়ে ম্যাচের একমাত্র গোলটি করিয়েছেন। এ রকম মেসিনির্ভর হয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে জেতা কঠিন হতে পারে বলেই মনে করেন উইলমটস, ‘আমি দেখতে চাই, ওরা আমাদের বিপক্ষে কীভাবে মানিয়ে নেয়। অনেক ভালো খেলোয়াড় আছে ওদের। তবে কোনো ভারসাম্য নেই। আর আমরাও সেমিফাইনালে খেলতে চাই এবং আমার বিশ্বাস, সেটা সম্ভব।’ টুর্নামেন্টে অপরাজিত বেলজিয়াম আর্জেন্টিনাকে হারাতে পারে বলেই তাঁর বিশ্বাস, ‘আমরা দল হিসেবে খেলব এবং তাদের আটকে দিয়ে পাল্টা আক্রমণ করব। টুর্নামেন্টে এই প্রথমবার কোনো ম্যাচে আমরা ফেবারিট নই। কিন্তু আমাদের সামর্থ্য আছে আর্জেন্টিনাকে টপকে যাওয়ার। ওরা আমাদের তুলনায় একটু বেশি শক্তিশালী। কিন্তু এ ধরনের ম্যাচে যারা মানসিকভাবে এগিয়ে থাকবে, তারাই জিতবে।’ মেসিনির্ভর হলেও একা মেসিই যে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, স্বীকার করতে কোনো দ্বিধা নেই বেলজিয়ান মিডফিল্ডার এডেন হ্যাজার্ডের, ‘সে একাই তো যেকোনো সময় ব্যবধান গড়ে দিতে পারে।’ আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে তাই আগে থেকেই সতর্ক উইলমটসও, ‘মেসিকে খেলার জায়গা দেওয়া মানে সমস্যা ডেকে আনা।’
আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলা কথার লড়াইয়ে যাচ্ছেন না। সুইসদের বিপক্ষে জয় আপাতত স্বস্তি এনে দিয়েছে তাঁকে। তবে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ বেলজিয়ামকে বিন্দুমাত্র হালকা করে দেখছেন না তিনি।
এবার ড্র-ই ব্রাজিল-আর্জেন্টিনা স্বপ্নের ফাইনালের সম্ভাবনা জাগিয়েছে। দুই দলই কোয়ার্টার ফাইনালে ওঠায় সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে। দুই দেশের সমর্থকেরা স্বপ্ন দেখছেন বিশ্বকাপের ৮৪ বছরের ইতিহাসে এই প্রথম ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালের। আর মাত্র দুটি করে ম্যাচ জিতলেই দুদলের সেই স্বপ্ন বাস্তবে রূপ নেবে। সাবেলা অবশ্য এখনই ওসব নিয়ে ভাবছেন না। তিনি এগোতে চান ধাপে ধাপে, ‘এ মুহূর্তে আমার ভাবনা পরের ম্যাচ। আপাতত লক্ষ্য সেমিফাইনাল নিশ্চিত করা। এর চেয়ে বেশি ভেবে ভুল করতে চাই না।’ এএফপি, রয়টার্স, গোলডটকম।